শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জ রেলওয়ে কলোনি ও ইয়ার্ডে মাদকবিরোধী মাইকিং, কঠোর হুঁশিয়ারি

৮ অক্টোবর, ২০২৬ এ ১২:১০ AM

সিরাজগঞ্জ রেলওয়ে কলোনি ও ইয়ার্ডে মাদকবিরোধী মাইকিং, কঠোর হুঁশিয়ারি

মোঃ রুবেল সরকার :সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন ও রেলওয়ে কলোনি-ইয়ার্ড এলাকায় মাদক বিক্রি ও সেবন বন্ধে বিশেষ প্রচারণা চালিয়েছে বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী। মাইকিংয়ের মাধ্যমে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের সতর্ক করে রেলওয়ের নিরাপত্তা এলাকায় মাদক সংক্রান্ত কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।বুধবার (৭ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী, সিরাজগঞ্জ বাজার স্টেশন সাব-সার্কেলের উদ্যোগে রেলওয়ে কলোনি ও ইয়ার্ড এলাকায় এ মাদকবিরোধী মাইকিং করা হয়।মাইকিংয়ে বলা হয়, রেলওয়ের নিরাপত্তা এলাকায় কোনো ব্যক্তি প্রকাশ্যে বা গোপনে মাদক বিক্রি, সরবরাহ কিংবা সেবনের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে মাদক ব্যবসা ও সেবনের বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়।এ সময় বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী, বাজার স্টেশন সাব-সার্কেলের সাব-ইন্সপেক্টর মো. ওবায়দুর রহমানসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।মাদকবিরোধী এ প্রচারণায় সিরাজগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের রেলওয়ে কলোনির স্থানীয় বাসিন্দা ও গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন। তাদের মধ্যে সাবেক স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. আব্দুল আউয়াল, ১৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. রনি, স্থানীয় বাসিন্দা আশিকুর রহমান আশিক, মো. হাফিজুল ইসলাম ও মো. আবিরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।স্থানীয়দের মতে, রেলওয়ে কলোনি ও ইয়ার্ড এলাকায় মাদক বিক্রি ও সেবন প্রতিরোধে নিয়মিত নজরদারি ও জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।সংশ্লিষ্টরা জানান, রেলওয়ের নিরাপত্তা এলাকায় মাদক বিক্রি, সেবন ও সংশ্লিষ্ট কর্মকাণ্ড প্রতিরোধে মাইকিংয়ের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা ও জনসচেতনতামূলক প্রচারণা অব্যাহত থাকবে।

The post সিরাজগঞ্জ রেলওয়ে কলোনি ও ইয়ার্ডে মাদকবিরোধী মাইকিং, কঠোর হুঁশিয়ারি appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ