বন্ধ আছে দেশের ৩৫ বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং আড়াই হাজার মেগাওয়াট
৭ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৭ PM

বর্তমানে সারা দেশে দিনে-রাতে সর্বোচ্চ আড়াই হাজার মেগাওয়াট লোডশেডিং হচ্ছে। অপরদিকে দেশের ৩৫টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে। এতগুলো কেন্দ্র একসঙ্গে বন্ধ থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। পিডিবির সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকার প্রধান কারণ হলো জ্বালানি সংকট। দেশে গ্যাসের পর্যাপ্ত সরবরাহ না থাকায় গ্যাসচালিত কেন্দ্র থেকে চাইলেও খুব বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয় না। একই সংকট তরল জ্বালানির ক্ষেত্রেও। তরল জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদন করতে চাইলে বিপুল পরিমাণ আর্থিক সঙ্গতি প্রয়োজন।
বিদ্যুৎ বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘এখন তেলচালিত কেন্দ্রে (ফার্নেস অয়েল) প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ পড়ছে ২৫ টাকার কাছাকাছি। কয়লাচালিত কেন্দ্রে ১৩ থেকে ১৪ টাকা এবং গ্যাসচিালিত কেন্দ্রে প্রতি ইউনিটের উৎপাদন খরচ সাত টাকার মতো। সবচেয়ে সস্তায় গ্যাস থেকেই বিদ্যুৎ পাওয়া সম্ভব। কিন্তু চাইলেও দেশে গ্যাসের জোগান নিশ্চিত করা সম্ভব নয়।’
এর প্রধান কারণ হিসেবে ওই কর্মকর্তা জানান, দেশে এখন প্রতিদিন দেশীয় উৎস থেকে এক হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। এর বাইরে আমদানি করা এলএনজি থেকে এক হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। চাইলেও কোনও উৎস থেকে গ্যাসের সরবরাহ রাতারাতি বাড়ানো সম্ভব নয়। কারণ দেশের স্থলভাগে যেমন নতুন গ্যাস পাওয়া যায়নি, আবার একইভাবে দেশে গ্যাস আমদানি করার অবকাঠামোও নেই।
দেশে বন্ধ থাকা কেন্দ্রগুলোর মধ্যে গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্রের মোট গ্যাসের চাহিদা ২ হাজার ৫২৪ মিলিয়ন ঘনফুট। কিন্তু এর বিপরীতে বুধবার (৭ অক্টোবর) সরবরাহ করা হয়েছে ৮৯৫ মিলিয়ন ঘনফুট। বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়ানো করা হলে শিল্পে সংকট দেখা দেয়। এতে করে রফতানি বাধার মুখে পড়তে পারে। এজন্য চাইলেও গ্যাসের সরবরাহ বাড়ানো যায় না।
পিডিবির ৭ অক্টোবরের উৎপাদন চিত্র বিশ্লেষণ করে দেখা যায়, গ্যাস সংকটের কারণে ছয়টি কেন্দ্র বা ইউনিট বন্ধ রয়েছে। ঘোড়াশালের সবগুলো ইউনিট বন্ধ রয়েছে। ঘোড়াশালে চারটি ইউনিট রয়েছে। এগুলোর উৎপাদন ক্ষমতা ১ হাজার ১৫৩ মেগাওয়াট। এর বাইরে ভেড়ামারা ৪১০ মেগাওয়াট, বাঘাবাড়ী ৭১ মেগাওয়াট এবং সিরাজগঞ্জের ২২৫ মেগাওয়াটের তিনটি ইউনিট বন্ধ রয়েছে। এসব কেন্দ্রের মোট সক্ষমতা ১ হাজার ৩৯৫ মেগাওয়াট।
তরল জ্বালানি সংকটের কারণে তিনটি কেন্দ্র থেকে কোনও উৎপাদন হয়নি। এর মধ্যে গোপালগঞ্জ ১০০ মেগাওয়াট, চৌমুহনী ১১৩ মেগাওয়াট এবং চাঁপাইনবাবগঞ্জ ১০০ মেগাওয়াট কেন্দ্র রয়েছে। এই তিন কেন্দ্রের মোট সক্ষমতা ৩১৩ মেগাওয়াট।
এ ছাড়া রক্ষণাবেক্ষণের কারণে সিদ্ধিরগঞ্জ ২১০ মেগাওয়াট, টঙ্গী ৮০ মেগাওয়াট, আশুগঞ্জ ইস্ট ৪০০ মেগাওয়াট এবং বড়পুকুরিয়ার ২৫০ ও ২৭৪ মেগাওয়াটের দুটি কেন্দ্রসহ মোট ছয়টি কেন্দ্র বা ইউনিট থেকে উৎপাদনের সম্ভাবনা নেই। এসবের মোট সক্ষমতা ১ হাজার ৩৩৯ মেগাওয়াট।
এর বাইরে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় হরিপুর ৩৬০ মেগাওয়াট, মেঘনাঘাট ৪৫০ মেগাওয়াট এবং ভেড়ামারা ২০ মেগাওয়াট কেন্দ্র থেকেও বিদ্যুৎ নিচ্ছে না পিডিবি। তিন কেন্দ্রের মোট সক্ষমতা ৮৩০ মেগাওয়াট। যান্ত্রিক সমস্যার কারণে শাহজীবাজার ১০০ মেগাওয়াট গ্যাস টারবাইন কেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে।
এর বাইরে হরিপুর ৩২ মেগাওয়াট, চট্টগ্রাম ৪২০ মেগাওয়াট, সিকলবাহা পিকিং ১৫০ মেগাওয়াট, সিলেট ২০ মেগাওয়াট এবং সৈয়দপুর ১৫০ মেগাওয়াট কেন্দ্রেও কেন্দ্র বন্ধ রয়েছে। এ ছাড়া কয়লাচালিত বড়পুকুরিয়ার সব ইউনিট বন্ধ রয়েছে।
পিজিসিবি জানায়, ৬ অক্টোবর দিনগত রাত ১টায় লোডশেডিং ছিল ২ হাজার ৪০ মেগাওয়াট, ৭ অক্টোবর সকাল ৮টায় তা কিছুটা কমে হয়েছে ৮৫৯ মেগাওয়াট। পরে আবার বাড়তে বাড়তে বিকাল ৪টা লোডশেডিং ছিল ১ হাজার ১৬১ মেগাওয়াট।
জানতে চাইলে পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক বি.ডি. রহমত উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জীবাশ্ম জ্বালানির বিদ্যুৎকেন্দ্র সম্প্রসারণে আমরা সঠিক পরিকল্পনা মেনে কাজ করিনি। এজন্য দেখা গেছে, কেন্দ্র থাকলেও জ্বালানির অভাবে তা চলছে না। আমাদের যেহেতু প্রাথমিক জ্বালানি নেই, থাকলেও খুবই অপ্রতুল, এজন্য আমাদের নবায়নযোগ্য জ্বালানিতে যেতেই হবে। এর কোনও বিকল্প নেই।’
তিনি বলেন, ‘এখন পৃথিবীর বিভিন্ন দেশ দিনের বেলা সৌরবিদ্যুৎ উৎপাদন করে রাতের জন্য ব্যাটারিতে সংরক্ষণ করে। আমরাও চাইলে এটা করতে পারি। এ জন্য সরকারের সঠিক পরিকল্পনা এবং কর্মপন্থা নিয়ে অগ্রসর হতে হবে।’
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুরে মিথ্যা মামলা দায়ের বাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
৮ অক্টোবর, ২০২৬ এ ১২:২৮ AM · https://www.dainiksokal.com/
সিরাজগঞ্জ রেলওয়ে কলোনি ও ইয়ার্ডে মাদকবিরোধী মাইকিং, কঠোর হুঁশিয়ারি
৮ অক্টোবর, ২০২৬ এ ১২:১০ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জ শহরে তীব্র যানজট চরম দুর্ভোগে পথচারীরা
৭ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৪ PM · karatoa.com.bd
সিরাজগঞ্জে শিক্ষানবিশ দুই সহকারী পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা
৭ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান,ইয়াবাসহ গ্রেপ্তার-৪
৭ অক্টোবর, ২০২৬ এ ১০:৩৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
জন্ম-মৃত্যু নিবন্ধনে বিশেষ সম্মাননা পেল রাসিক অর্জন নগরবাসীকে উৎসর্গ করলেন প্রশাসক
৭ অক্টোবর, ২০২৬ এ ১০:২৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
