শাহজাদপুর সংবাদ

শেরে বাংলা এ কে ফজলুল হকের 'বেঙ্গল টুডে' ।। পর্ব—০৪

২৩ নভেম্বর, ২০২৬ এ ১০:০০ AM

শেরে বাংলা এ কে ফজলুল হকের 'বেঙ্গল টুডে' ।। পর্ব—০৪

গত কয়েক দিনে আমি আবিষ্কার করেছি যে, মন্ত্রীকে পুরোপুরি উপেক্ষা করে সচিবরা হয় নিজেদের দায়িত্বে অথবা আপনার প্রকাশ্য বা পরোক্ষ অনুমোদনে বিভিন্ন আদেশ জারি করেছেন। উদাহরণস্বরূপ, ভারত সরকারকে অনুরোধ করার আদেশ দেওয়া হয়েছে যেন তারা বাংলা সরকারের কাছ থেকে প্রেষণে নেওয়া সকল কর্মকর্তাকে ফেরত পাঠায়। আদেশ দেওয়া হয়েছে যেন ভারত রক্ষা আইন ও বিধিমালার ৭৬(বি) ধারার অধীনে প্রাদেশিক সরকারের ক্ষমতা স্থানীয় কর্মকর্তাদের হাতে ন্যস্ত করা হয়। এসব ক্ষেত্রে আমার সাথে কোনো পরামর্শ করা হয়নি। যদিও এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়। প্রতিদিন কোনো না কোনো তথ্য সামনে আসছে যা থেকে বোঝা যাচ্ছে কীভাবে সংশ্লিষ্ট মন্ত্রীর অজান্তে গুরুত্বপূর্ণ বিষয়ে আদেশ জারি করা হয়েছে। আমি এই কার্যপদ্ধতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দিনশেষে, আপনার নামে সরকারের নেওয়া যেকোনো পদক্ষেপ বা ঘোষণার জন্য আমার মন্ত্রিসভা এবং আমি দায়ী। যেসব বিষয়ে আমাদের কোনো জ্ঞান নেই বা কোনো সম্পৃক্ততা নেই, সেইসব বিষয়ের দায়ভার আমাদের ওপর চাপিয়ে দেওয়া সম্পূর্ণ অসাংবিধানিক। অন্যায্যও বটে। আমাদের অজান্তে কর্মকর্তাদের জন্য পদ সৃষ্টি করা হচ্ছে, এমন পরিস্থিতিতে আমাদের ওপর তা গ্রহণের জন্য চাপ দেওয়া হচ্ছে। আমাদেরও রাজি হওয়া ছাড়া আর কোনো উপায় থাকছে না। আমি এ ধরনের ভূরি ভূরি উদাহরণ দিতে পারি। কিন্তু আমি উদ্দেশ্যমূলকভাবেই তা করা থেকে বিরত থাকছি, কারণ আমি মনে করি আমি যা বলেছি তা আমার অভিযোগের ন্যায্যতা প্রমাণের জন্য যথেষ্ট।এখন আমি সেই ধরনের ঘটনার কথা বলছি যেখানে স্থায়ী আমলারা মন্ত্রীদের ক্ষমতাকে পুরোপুরি উপেক্ষা করে তাদের বিরুদ্ধাচরণ করেছে। নোয়াখালী জেলার সানোয়ায় নারীদের ওপর যে নির্যাতনের অভিযোগ উঠেছে, সেই ঘটনাটি দিয়েই শুরু করি। ফেনীতে একজন ডেপুটি কালেক্টর ছিলেন যিনি তৎকালীন অতিরিক্ত মহকুমা প্রশাসক হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি জেলা ম্যাজিস্ট্রেটকে একটি টেলিগ্রাম পাঠিয়ে কী ঘটেছে তা জানান এবং পরবর্তী পদক্ষেপের জন্য নির্দেশনা চান। ডেপুটি কালেক্টরের এই পদক্ষেপ কিছু কর্মকর্তার কাছে বিরক্তির কারণ হয়েছিল। কারণ সম্ভবত তারা ভেবেছিলেন যে এই টেলিগ্রাম দোষী ব্যক্তিদের বিরুদ্ধে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে। এই কর্মকর্তা, যিনি কেবল নিজের দায়িত্ব পালনের চেষ্টা করেছিলেন, তাকে স্থানীয় কর্মকর্তাদের নির্দেশে মুখ্য সচিব ফেনী থেকে বদলি করে দেন। মুখ্য সচিব এই আদেশ দিয়েছিলেন আমার সাথে কোনো পরামর্শ না করেই। যদিও আমি মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম! এই বদলি হওয়ার বেশ কয়েক দিন পর আমি যখন কথিত নির্যাতনের প্রকৃত ঘটনা কী ছিল তা জানতে ফেনীতে যাই, তখন বিষয়টি জানতে পারি। আমি এরপর এই বদলি সংক্রান্ত নথিপত্র দেখেছি। টেলিগ্রামটি অবশ্য নথিতে নেই। তবে একজন উচ্চপদস্থ কর্মকর্তার মন্তব্য রয়েছে যে ডেপুটি কালেক্টর 'অবিবেচকের মতো' কাজ করেছেন। আমরা জানি এর মানে কী। ডেপুটি কালেক্টর স্বাভাবিকভাবেই ভীত হয়ে পড়েছিলেন এবং নিরাপত্তার জন্য ছুটির আবেদন করেছিলেন। সেই ছুটি প্রত্যাখ্যান করা হয় এবং ওই কর্মকর্তাকে সংক্ষিপ্ত আদেশে সিরাজগঞ্জে বদলি করা হয়। কারণ উচ্চপদস্থ কর্মকর্তারা তাকে চট্টগ্রাম বিভাগ থেকেই বের করে দিতে চেয়েছিলেন।এই প্রসঙ্গে আমি কি আপনাকে মনে করিয়ে দিতে পারি যে, আপনি যখন আমার ফেনী সফরের কর্মসূচি জানতে পারেন, তখন আপনি আমাকে না যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। কারণ আপনি ভেবেছিলেন আমার সফর স্থানীয় কর্মকর্তাদের বিব্রত করবে! আমি আপনাকে বুঝিয়ে বলেছিলাম যে কাউকে বিব্রত করার কোনো উদ্দেশ্য আমার নেই। কিন্তু আমি এমন একটি এলাকা পরিদর্শন করা আমার কর্তব্য বলে মনে করি যেখানে মানুষ এত বেশি বিপদে রয়েছে। আমি সেখানে গিয়ে দেখলাম চট্টগ্রাম বিভাগের প্রায় সব কর্মকর্তা ফেনীতে জড়ো হয়েছেন যাতে আমি দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে না পারি। বিভাগীয় কমিশনার আমাকে সরাসরি বললেন যে তিনি আপনার সচিবের কাছ থেকে একটি টেলিফোন বার্তা পেয়েছেন। বার্তাটি ছিলো তাকে অনুরোধ করা হয়েছে তিনি যেন আমাকে এই সফর বাতিল করতে রাজি করান। আমি ওই গ্রামে যাইনি, কারণ আমি কর্মকর্তাদের সাথে বিবাদে জড়াতে চাইনি। কিন্তু আমি নির্যাতিতা নারীদের এবং তাদের মৃত স্বামীদের আত্মীয়স্বজনের সাথে দেখা করেছি। আমার কাছে কিছু নথিপত্রও আনা হয়েছিল, যেটা কিনা কী ঘটেছে সে সম্পর্কে আমার মনে কোনো সন্দেহ রাখেনি। ডেপুটি কালেক্টরের টেলিগ্রামের মাধ্যমে বদলি এবং আপনার ও স্থানীয় কর্মকর্তাদের আমার সফর ঠেকানোর জন্য ব্যাকুলতার কারণ এখন দিবালোকের মতো স্পষ্ট। এমনকি মুখ্যমন্ত্রীকেও দূরে সরিয়ে রাখতে হয়েছিল। কারণ সম্ভবত কর্মকর্তাদের পরিকল্পনার সাথে তিনি একমত হবেন এমন বিশ্বাস তাদের ছিল না। এ বিষয়ে আর কোনো মন্তব্য নিষ্প্রয়োজন।এখন আমি কলকাতার লেডি ব্রাবোর্ন কলেজ বন্ধ করে দেওয়ার ঘটনাপ্রবাহে আসি। গত কেবিনেট মিটিংয়ে আপনি এই বিষয়টি তুলেছিলেন এবং সচিবগণ, ডিপিআই ও অন্যান্য স্থায়ী কর্মকর্তাদের পক্ষ সমর্থন করার চেষ্টা করেছিলেন। আপনার সেই 'ক্ষমা প্রার্থনামূলক যুক্তির' বিপরীতে আমি তখন কিছুই বলিনি, কারণ আমি এতটাই ব্যথিত ছিলাম যে মনে হয়েছিল কোনো বিস্ফোরণ ঠেকানোর জন্য নীরব থাকাই শ্রেয়। এই ঘটনাটি অবাধ্যতার এক জঘন্য উদাহরণ। এর মূল ঘটনাগুলো সবার জানা। রাজস্ব সচিব এবং অন্যান্য কর্মকর্তাদের পক্ষ থেকে আমাকে আশ্বাস দেওয়া হয়েছিল যে আমার সাথে আলোচনা না করে লেডি ব্রাবোর্ন কলেজ সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। তবুও দেখা গেছে যে বিভিন্ন সচিব এবং ডিপিআই মিলে সংশ্লিষ্ট মন্ত্রীকে না জানিয়েই ভবন ও সরঞ্জামগুলো সামরিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন। ডিপিআই-এর দেওয়া সরকারি নোটে বলা হয়েছিল যে তিনি এই ব্যবস্থাগুলো 'নিশ্চিত' করেছেন। তা অর্ধশতাব্দী আগের কর্মকর্তাদের ভাষার কথা মনে করিয়ে দেয়। যখন রাইটার্স বিল্ডিংস-এর প্রতিটি আমলা নিজেকে বাংলার লেফটেন্যান্ট গভর্নরের সমান বড়ো মনে করতেন। লেডি ব্রাবোর্ন কলেজ নিয়ে যেসব কর্মকর্তারা গড়বড় করেছেন তাদের খুব পরিষ্কারভাবে বলে দেওয়া উচিত যে এখন পরিস্থিতি আগের চেয়ে সম্পূর্ণ আলাদা এবং পরিবর্তিত পরিস্থিতির সাথে কীভাবে খাপ খাইয়ে নিতে হয় তা তাদের শিখতে হবে।আমি এখন এআরপি নিয়োগ সম্পর্কে কিছু কথা বলব। কলকাতায় কন্ট্রোলার এবং তার অধস্তনদের করা এই নিয়োগগুলোতে মুসলমানরা ৫ শতাংশও পায়নি। মফস্বলে স্থায়ী আমলাদের করা নিয়োগে তারা ২ শতাংশও পায়নি। অপমানের ওপর মরার খাঁড়ার মতো কিছু কর্মকর্তা বলেছেন যে যোগ্য মুসলিম প্রার্থী পাওয়া যায়নি। কিছু কর্মকর্তা অদ্ভুত অজুহাত দিয়েছেন যে মুসলমানরা কম বেতনে চাকরিতে রাজি নয়। আবার কেউ কেউ অত্যন্ত বুদ্ধিদীপ্ত ও অভিনব অজুহাত খুঁজে বের করেছেন যে মুসলমানরা খুব ভালো অবস্থানে আছে। তাই তারা এআরপি নিয়োগের জন্য লভ্য নয়। আমি আপনাকে বলতে পারি যে এই বক্তব্যগুলো সঠিক নয়। অবাক করার বিষয় হলো দায়িত্বশীল পদে আসীন উচ্চপদস্থ কর্মকর্তারা এই ঘোর অবিচারের সাথে ভিত্তিহীন অজুহাতের মতো লঘু বিষয় যুক্ত করেছেন। আমি কিছু পরিসংখ্যানের সারণি সংযুক্ত করছি যা দেখাবে কীভাবে এই কর্মকর্তারা মুসলিম স্বার্থ বিসর্জন দিয়েছেন। পরিস্থিতি এখন যুক্তি ও ব্যাখ্যার পর্যায় অতিক্রম করেছে। মুসলিম সমাজ কোনো অস্বীকার গ্রহণ করবে না। আমি জোর দিয়ে বলছি যে ভুল করা কর্মকর্তাদের অবিলম্বে ক্ষতিপূরণ দিতে বাধ্য করতে হবে। আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করার এবং সকল সম্প্রদায় ও স্বার্থের প্রতি যাতে বিচার করা হয় তা দেখার পরিকল্পনা করছি।আমি চাই আপনি এক লক্ষ তরুণ বাঙালির সমন্বয়ে একটি 'বেঙ্গলি আর্মি' গঠনে সম্মতি দিন। যা পঞ্চাশ-পঞ্চাশ অনুপাতে হিন্দু ও মুসলিম তরুণদের নিয়ে গঠিত হবে। অবিলম্বে এমন পদক্ষেপ নেওয়ার জন্য জোরদার দাবি উঠেছে। বাংলার মানুষ কোনো অজুহাতেই সন্তুষ্ট হবে না। তা একটি জাতীয় দাবি যা অবিলম্বে মেনে নিতে হবে।“আপনার উচিত একজন সাংবিধানিক গভর্নর হিসেবে কাজ করা, স্থায়ী আমলাদের বা কোনো রাজনৈতিক দলের মুখপত্র হিসেবে নয়। অন্য কথায়, এই প্রদেশ যেন ৯৩ ধারার অধীনে শাসিত হচ্ছে, এমন স্বৈরতান্ত্রিক ক্ষমতা প্রয়োগের আবরণ হিসেবে ব্যবহারের চেয়ে আপনার উচিত প্রাদেশিক স্বায়ত্তশাসনকে সততার সাথে কাজ করতে দেওয়া।”

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ