শাহজাদপুর সংবাদ

ফিলিস্তিনে বসতি নির্মাণে ইসরাইলের টেন্ডার, পশ্চিমা দেশগুলোর নিন্দা

২১ আগস্ট, ২০২৬ এ ১০:০২ AM

ফিলিস্তিনে বসতি নির্মাণে ইসরাইলের টেন্ডার, পশ্চিমা দেশগুলোর নিন্দা

আন্তর্জাতিক :অধিকৃত পশ্চিম তীরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ই-১ এলাকায় এক হাজার ২০০টির বেশি বসতি নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করেছে ইসরাইল। এই সিদ্ধান্তে তীব্র উদ্বেগ জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি ও কানাডা। এক যৌথ বিবৃতিতে এই সিদ্ধান্তকে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে তা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে দেশগুলো।

জাতিসংঘ মহাসচিব বলেছেন, ই-১ প্রকল্পটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ‘অস্তিত্বের হুমকি’ তৈরি করছে। ফিলিস্তিনিরা আশঙ্কা করছেন, প্রকল্পটি পশ্চিম তীরকে কার্যত উত্তর ও দক্ষিণে বিভক্ত করে পূর্ব জেরুজালেমকে বিচ্ছিন্ন করবে এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা নষ্ট করবে।

বুধবার ইসরাইলের আবাসন মন্ত্রণালয় তিন হাজার ৪০১টি অনুমোদিত আবাসন ইউনিটের মধ্যে এক হাজার ২৩৪টি বসতি নির্মাণের জন্য টেন্ডার প্রকাশ করে। এলাকাটি পূর্ব জেরুজালেম ও ইসরাইলি বসতি মালে আদুমিমের মধ্যবর্তী প্রায় ১২ বর্গকিলোমিটারজুড়ে অবস্থিত। টেন্ডারে দরপত্র জমার শেষ সময় ১৯ অক্টোবর, ইসরাইলের সাধারণ নির্বাচনের মাত্র কয়েক দিন আগে।

১৯৬৭ সালের যুদ্ধের পর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখলের পর সেখানে প্রায় ১৬০টি ইসরাইলি বসতিতে সাত লাখ ইহুদি বসবাস করছেন। আন্তর্জাতিক মহলের ব্যাপক বিরোধিতা সত্ত্বেও সাম্প্রতিক বছরগুলোতে বসতি সম্প্রসারণ আরো বেড়েছে।

ফিলিস্তিনি ও প্রকল্পবিরোধীদের মতে, ই-১ এলাকায় বসতি নির্মাণ হলে পশ্চিম তীরের উত্তর ও দক্ষিণ অংশের মধ্যে সরাসরি যোগাযোগ বাধাগ্রস্ত হবে এবং রামাল্লাহ, পূর্ব জেরুজালেম ও বেথলেহেমকে যুক্ত করে একটি ধারাবাহিক ফিলিস্তিনি ভূখণ্ড গড়ে তোলা কঠিন হয়ে পড়বে। সূত্র: বিবিসি

The post ফিলিস্তিনে বসতি নির্মাণে ইসরাইলের টেন্ডার, পশ্চিমা দেশগুলোর নিন্দা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ