শাহজাদপুর সংবাদ

পুলিশ একা নয়, অপরাধ প্রতিরোধে দরকার জনগণের সক্রিয় অংশগ্রহণ: ডিআইজি

২০ আগস্ট, ২০২৬ এ ১২:১১ PM

পুলিশ একা নয়, অপরাধ প্রতিরোধে দরকার জনগণের সক্রিয় অংশগ্রহণ: ডিআইজি

রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ বলেছেন, মাদক, সাইবার অপরাধ, নারী ও শিশু নির্যাতন, কিশোর অপরাধ, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে পুলিশের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। পুলিশ ও জনগণের পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধি পেলে অপরাধ প্রতিরোধ কার্যক্রম আরও কার্যকর হবে।

বুধবার (১৯ আগস্ট) সিরাজগঞ্জ সদর থানায় আয়োজিত মাদক, সাইবার অপরাধ, নারী নির্যাতন, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধবিষয়ক কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে ডিআইজি, রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী জনাব মো. আশিক সাঈদ সিরাজগঞ্জে পৌঁছালে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। একই সময়ে ডিআইজি মহোদয়ের সহধর্মিণী ও পুনাক, রাজশাহী রেঞ্জের সভানেত্রী মিসেস শামীম আরা হককে পুনাক, সিরাজগঞ্জ জেলার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করে।

কমিউনিটি পুলিশিং সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। সভায় ডিআইজি বলেন, অপরাধ প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। তিনি মাদক, সাইবার অপরাধ, নারী ও শিশু নির্যাতন, কিশোর অপরাধ, সন্ত্রাস ও উগ্রবাদসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ-জনগণের পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

সভায় মাদক ও সাইবার অপরাধের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, মাদক, সাইবার অপরাধ, নারী ও শিশু নির্যাতন, কিশোর অপরাধ, সন্ত্রাস ও উগ্রবাদসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে সিরাজগঞ্জ জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি অপরাধের কারণ চিহ্নিত করে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করা হচ্ছে।

তিনি বলেন, পুলিশ একা কোনো অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে পারে না; জনগণের সক্রিয় সহযোগিতা ও অংশগ্রহণ অপরাধ প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও তথ্যের আদান-প্রদান বৃদ্ধি পেলে অপরাধ প্রতিরোধ কার্যক্রম আরও কার্যকর হবে। এ জন্য তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।

ডিআইজি মো. আশিক সাঈদ পুলিশ সদস্যদের জনবান্ধব, পেশাদার ও সেবামুখী পুলিশিং নিশ্চিত করার পাশাপাশি আইনানুগভাবে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান, সিরাজগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চুসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ইমাম ও মুয়াজ্জিন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুধীজন, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সভায় অংশ নেন।

পরে ডিআইজি সিরাজগঞ্জ সদর থানার দ্বি-বার্ষিক পরিদর্শন করেন। এ সময় তিনি থানার সার্বিক কার্যক্রম, বিভিন্ন রেজিস্টার ও নথিপত্র, মামলা তদন্তের অগ্রগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা করেন। একই সঙ্গে থানায় কর্মরত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি সেবাপ্রত্যাশী জনগণের প্রতি আন্তরিক ও মানবিক আচরণ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সূত্র: Barta Bazar

সম্পর্কিত সংবাদ