শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে মাদক,সাইবার অপরাধ,সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

১৯ আগস্ট, ২০২৬ এ ১১:৪১ PM

সিরাজগঞ্জে মাদক,সাইবার অপরাধ,সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক রিপোর্ট : রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ বলেছেন, মাদক, সাইবার অপরাধ, নারী ও শিশু নির্যাতন, কিশোর অপরাধ, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে পুলিশের পাশাপাশি জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। পুলিশ ও জনগণের পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়ানো গেলে অপরাধ প্রতিরোধ কার্যক্রম আরও কার্যকর হবে।

বুধবার (১৯ আগস্ট ২০২৬) বিকেলে সিরাজগঞ্জে এসে সদর থানায় আয়োজিত কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) ডিআইজি আশিক সাঈদকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় ডিআইজিকে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। পাশাপাশি ডিআইজির সহধর্মিনী ও পুনাক, রাজশাহী রেঞ্জের সভানেত্রী মিসেস শামীম আরা হককে পুনাক, সিরাজগঞ্জের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

কমিউনিটি পুলিশিং সভায় ডিআইজি বলেন, জনবান্ধব, পেশাদার ও সেবামুখী পুলিশিং নিশ্চিত করতে হবে। আইনানুগভাবে দায়িত্ব পালনের পাশাপাশি সেবাপ্রত্যাশী মানুষের প্রতি আন্তরিক ও মানবিক আচরণের মাধ্যমে পুলিশের প্রতি জনগণের আস্থা আরও বাড়াতে হবে।

সভায় মাদক ও সাইবার অপরাধের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বলেন, সব ধরনের অপরাধ প্রতিরোধে সিরাজগঞ্জ জেলা পুলিশ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করছে। অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি অপরাধের কারণ চিহ্নিত করে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশকে সহযোগিতা করতে সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানান।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান, সিরাজগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব সাইদুর রহমান বাচ্চুসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, সুধীজন এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পরে ডিআইজি আশিক সাঈদ সিরাজগঞ্জ সদর থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেন। এ সময় তিনি থানার সার্বিক কার্যক্রম, বিভিন্ন রেজিস্টার ও নথিপত্র, মামলা তদন্তের অগ্রগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে তিনি থানার পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি সেবাপ্রত্যাশী জনগণের প্রতি আন্তরিক ও মানবিক আচরণ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

The post সিরাজগঞ্জে মাদক,সাইবার অপরাধ,সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ