শাহজাদপুর সংবাদ

সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত ফায়ার সার্ভিস সদস্য নিহত

২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:০৩ PM

সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত ফায়ার সার্ভিস সদস্য নিহত

সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় মোস্তাফিজুর রহমান (৫৫) নামে অবসরপ্রাপ্ত ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার বাঘাবাড়ী বড়াল ব্রিজের দক্ষিণ পাশে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোস্তাফিজুর রহমান যাত্রী হিসেবে একটি সিএনজি অটোরিকশায় ছিলেন। অটোরিকশাটি যাত্রী নিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় নগরবাড়ীগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে অটোরিকশাটিকে চাপা দেয়।

এতে মোস্তাফিজুরসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত মোস্তাফিজুরকে বাঘাবাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটি আটক করে পুলিশে খবর দেন। পরে শাহজাদপুর থানা পুলিশ বাসটি হেফাজতে নিলেও চালক ও সহকারী পালিয়ে যান।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: দেশ রূপান্তর

সম্পর্কিত সংবাদ