শাহজাদপুর সংবাদ

রানীশংকৈলে দুই পরীক্ষার্থীই অকৃতকার্য, শূন্য পাসের হার ধুলঝাড়ি স্কুল অ্যান্ড কলেজে

৮ নভেম্বর, ২০২৬ এ ৬:৫৭ PM

রানীশংকৈলে দুই পরীক্ষার্থীই অকৃতকার্য, শূন্য পাসের হার ধুলঝাড়ি স্কুল অ্যান্ড কলেজে

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ধুলঝাড়ি স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া দুই পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। ফলে প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে। উপজেলার শিক্ষাঙ্গনে এ ফলাফল নিয়ে আলোচনা ও হতাশার সৃষ্টি হয়েছে।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আনোয়ার হোসেন মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এবারের এইচএসসি পরীক্ষায় ধুলঝাড়ি স্কুল অ্যান্ড কলেজ থেকে মাত্র দুইজন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। কিন্তু দুঃখজনকভাবে তাদের কেউই উত্তীর্ণ হতে পারেনি। ফলে প্রতিষ্ঠানটির ফলাফলে শতভাগ অকৃতকার্য হওয়ার ঘটনা ঘটেছে।

অধ্যক্ষ আনোয়ার হোসেন আরও জানান, প্রতিষ্ঠানটি এখনো এমপিওভুক্ত হয়নি। এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা এবং প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে নানা ধরনের সংকট মোকাবিলা করতে হচ্ছে। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেই প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে প্রতিষ্ঠানটির এমন ফলাফলে স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের মধ্যে হতাশা দেখা দিয়েছে। তাদের মতে, মাত্র দুইজন পরীক্ষার্থী অংশ নিলেও একজন শিক্ষার্থীরও পাস করতে না পারার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা প্রয়োজন। বিশেষ করে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি, পাঠদানের মান, শিক্ষকদের দায়িত্ব পালন এবং পরীক্ষার প্রস্তুতি যথাযথভাবে হচ্ছে কি না, তা খতিয়ে দেখা দরকার।

স্থানীয় সচেতন মহল মনে করছেন,একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভালো ফলাফলের জন্য শুধু অবকাঠামো বা আর্থিক সুযোগ-সুবিধা নয়, প্রয়োজন নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের নিবিড় তদারকি এবং অভিভাবকদের সচেতন অংশগ্রহণ। এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

তারা সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের কাছে প্রতিষ্ঠানটির সার্বিক শিক্ষা কার্যক্রম ও ফলাফল পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে এমপিওভুক্তিসহ প্রতিষ্ঠানটির বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যতে এমন ফলাফল এড়াতে প্রতিষ্ঠানটির শিক্ষক, পরিচালনা পর্ষদ ও শিক্ষা প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

The post রানীশংকৈলে দুই পরীক্ষার্থীই অকৃতকার্য, শূন্য পাসের হার ধুলঝাড়ি স্কুল অ্যান্ড কলেজে appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ