রাণীশংকৈলে অ্যাম্বুলেন্সের ভাড়া নির্ধারণ,অতিরিক্ত নিলেই ব্যবস্থা
৮ নভেম্বর, ২০২৬ এ ১০:১৫ PM

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :জরুরি মুহূর্তে রোগী পরিবহনের নামে অ্যাম্বুলেন্সে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ বন্ধে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এখন থেকে নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। কেউ অতিরিক্ত ভাড়া দাবি বা আদায় করলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, রাণীশংকৈল, ঠাকুরগাঁও-এর নির্দেশক্রমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে অ্যাম্বুলেন্সের নির্ধারিত ভাড়ার বিষয়টি জানানো হয়েছে। এতে রোগী ও তাদের স্বজনদের সচেতন থাকার পাশাপাশি নির্ধারিত ভাড়ার বেশি অর্থ না দেওয়ার আহ্বান জানানো হয়।স্বাস্থ্য বিভাগের প্রকাশিত তালিকা অনুযায়ী, রাণীশংকৈল থেকে ঠাকুরগাঁও পর্যন্ত অ্যাম্বুলেন্সের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮৪০ টাকা। রাণীশংকৈল থেকে দিনাজপুর যেতে ভাড়া ১ হাজার ২০০ টাকা এবং রংপুর যেতে ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪০০ টাকা।উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জরুরি রোগী পরিবহনের ক্ষেত্রে কিছু অ্যাম্বুলেন্সচালকের বিরুদ্ধে ইচ্ছেমতো ভাড়া আদায়ের অভিযোগ উঠছিল। বিশেষ করে গুরুতর অসুস্থ রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলে রোগীর স্বজনরা অনেকটা বাধ্য হয়েই চালকদের দাবিকৃত অতিরিক্ত ভাড়া দিতে বাধ্য হতেন। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি চরম ভোগান্তিতে পড়তে হতো সাধারণ মানুষকে।এ ধরনের অনিয়ম ও হয়রানি বন্ধ এবং রোগীদের পরিবহনসেবা আরও সুশৃঙ্খল করতে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কোনো অ্যাম্বুলেন্সচালক নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা দাবি করলে বা আদায় করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রচলিত বিধিবিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এদিকে, উপজেলা স্বাস্থ্য বিভাগের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। তাদের মতে, হাসপাতাল থেকে রোগী স্থানান্তর কিংবা উন্নত চিকিৎসার জন্য অন্য জেলায় নেওয়ার সময় অ্যাম্বুলেন্সের ভাড়া নিয়ে প্রায়ই ভোগান্তিতে পড়তে হয়। নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ ও কার্যকর তদারকি থাকলে রোগী ও স্বজনদের হয়রানি অনেকটাই কমবে।
The post রাণীশংকৈলে অ্যাম্বুলেন্সের ভাড়া নির্ধারণ,অতিরিক্ত নিলেই ব্যবস্থা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ
৮ নভেম্বর, ২০২৬ এ ৯:১০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে আটার রুটি বিক্রি স্বচ্ছলতা ফিরছে অনেকের
৮ নভেম্বর, ২০২৬ এ ৭:৩৫ PM · Alokito Bangladesh
সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডার ও নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান,৩০ হাজার টাকা জরিমানা
৮ নভেম্বর, ২০২৬ এ ৭:২০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠন যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
৮ নভেম্বর, ২০২৬ এ ৭:০৯ PM · nagorik tv
রানীশংকৈলে দুই পরীক্ষার্থীই অকৃতকার্য, শূন্য পাসের হার ধুলঝাড়ি স্কুল অ্যান্ড কলেজে
৮ নভেম্বর, ২০২৬ এ ৬:৫৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রাণীশংকৈলে ইয়াবা পাচারের অভিযোগে নারীসহ ৩ জন আটক
৮ নভেম্বর, ২০২৬ এ ৬:৪৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
