শাহজাদপুর সংবাদ

রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ

৮ নভেম্বর, ২০২৬ এ ৯:১০ PM

রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মব কালচার, জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রম, মাদক, নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং, ধর্ষণ, সাইবার অপরাধ, গুজব ও অনলাইন অপপ্রচার প্রতিরোধে প্রশাসনকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া অবৈধভাবে সার মজুতকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জ্বালানি সংকট মোকাবিলায় বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং পরিবার ও কৃষক কার্ড বিতরণে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

সভায় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধ, ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং মহানগরীতে যানজট নিরসনে অবৈধ অটোরিকশা চলাচল বন্ধের বিষয়েও আলোচনা হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

এ সময় রাজশাহীর পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ, আরএমপির সহকারী পুলিশ কমিশনার সীমা খানম, ডিজিএফআইয়ের উপপরিচালক শরিফুল্লাহ আল মাহমুদ, এনএসআইয়ের যুগ্ম পরিচালক শাহিন আহমেদ, রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি অলিউল হক রানা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলার সব উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার ও ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

The post রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ

রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ | শাহজাদপুর সংবাদ