শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে ব্যতিক্রমী মাঠ দিবস, ধান কেটে উদ্বোধন করলেন ডিসি

১১ নভেম্বর, ২০২৬ এ ৪:৫৬ PM

সিরাজগঞ্জে ব্যতিক্রমী মাঠ দিবস, ধান কেটে উদ্বোধন করলেন ডিসি

সিরাজগঞ্জে আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ ও কৃষকদের উদ্বুদ্ধ করতে ৫০ একর জমিতে উফশী রোপা আমন ধানের প্রদর্শনী ‘মাঠ দিবস’ অনুষ্ঠিত হয়েছে। এ সময় কৃষকের ধান কেটে মাঠ দিবসের উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।

বুধবার দুপুর ১২টায় সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ধুকুরিয়া গ্রামের জগতগাতী ব্লকে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প (২য় সংশোধিত)-এর আওতায় ব্লক আকারে ৫০ একর জমিতে এ প্রদর্শনী বাস্তবায়ন করা হয়। সমবায় পদ্ধতিতে বি-১০৩ জাতের উচ্চ ফলনশীল উফশী রোপা আমন ধান চাষ করা হয়। আধুনিক কৃষিযন্ত্রের সাহায্যে ধান রোপণ ও কর্তন কার্যক্রম পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক একেএম মনজুরে মাওলা, অতিরিক্ত উপপরিচালক (পিপি) মো. আনোয়ার সাদাত, সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা এসএম নাসিম হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূরে আলম ও সিরাজগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক মতিয়ার রহমান মতি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মারুফা আক্তার।

মাঠ দিবসে বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের বীজ ও কৃষিযন্ত্রের ব্যবহার কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উপজেলা কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী উন্নত চাষাবাদ পদ্ধতি অনুসরণ করলে কৃষকরা কম সময়ে অধিক ফলন ও লাভ পেতে পারেন। কৃষিতে যান্ত্রিকীকরণ বাড়লে উৎপাদন খরচ কমানোর পাশাপাশি শ্রমিক সংকটও মোকাবিলা করা সম্ভব হবে।

বক্তারা আরও বলেন, কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং ন্যায্যমূল্য নিশ্চিত করতে সার ও বীজসহ কৃষি উপকরণ সঠিক সময়ে সুলভ মূল্যে সরবরাহ করতে হবে। পাশাপাশি কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য বাজারমূল্য নিশ্চিত করা জরুরি। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কৃষক যেন সরাসরি বাজারে ফসল বিক্রি করে অধিক লাভবান হতে পারেন, সে জন্য কার্যকর বাজারব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সমবায় পদ্ধতিতে কৃষি চাষাবাদের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, কৃষকরা দলবদ্ধভাবে চাষাবাদ করলে কৃষিযন্ত্র ব্যবহার, সার-বীজ সংগ্রহ, সেচব্যবস্থা ও ফসল বিপণনে খরচ কমানো সম্ভব। সমবায়ের মাধ্যমে কৃষকরা নিজেদের উৎপাদিত ফসল একত্রে বাজারজাত করতে পারলে দর-কষাকষির সক্ষমতা বাড়বে এবং ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ সৃষ্টি হবে। এ ছাড়া কৃষকদের মধ্যে অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে।

এ সময় মাঠ দিবসে অংশ নেওয়া কৃষকরা সার, বীজ, শ্রমিক সংকটসহ কৃষিকাজে বিভিন্ন সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। কৃষকদের এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা কামনা করা হয়।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট ব্লকের কৃষকসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সূত্র: Daily Times Of Bangladesh

সম্পর্কিত সংবাদ