সিরাজগঞ্জে প্লাস্টিক ও বায়োমেডিকেল বর্জ্যবিষয়ক আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত
২৭ অক্টোবর, ২০২৬ এ ৩:৩২ PM

প্লাস্টিক দূষণ প্রতিরোধ, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের দায়িত্বশীল ব্যবহার এবং পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা জোরদার করার লক্ষ্যে সিরাজগঞ্জে আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা শেষে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৮৭৫ দশমিক ৬ কেজি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়।
বাংলাদেশ সরকারের পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়নাধীন ‘Integrated Approach Towards Sustainable Plastics Use and Marine Litter Prevention in Bangladesh’ শীর্ষক প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রকল্পটিতে কারিগরি সহায়তা দিচ্ছে জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (ইউএনআইডিও) এবং আর্থিক সহায়তা দিচ্ছে বাংলাদেশে অবস্থিত রয়্যাল নরওয়েজিয়ান দূতাবাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. তাসলিমা জান্নাত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. আফসানা ইয়াসমিন, সিরাজগঞ্জ মেডিকেল কলেজের সহকারী পরিচালক ডা. মো. সাজ্জাদ কবির, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শিমুল তালুকদার এবং ইউএনআইডিও বাংলাদেশের ন্যাশনাল এক্সপার্ট এস এম আরাফাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম।
আলোচনা সভার শুরুতে ইউএনআইডিও বাংলাদেশের ন্যাশনাল এক্সপার্ট এস এম আরাফাত প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরেন। তিনি প্লাস্টিকের ব্যবহার কমাতে এবং বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে ‘থ্রি-আর’—রিডিউস, রিইউজ ও রিসাইকেল (ব্যবহার কমানো, পুনর্ব্যবহার ও পুনঃচক্রায়ন) নীতি অনুসরণের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে যত্রতত্র বর্জ্য না ফেলে নির্ধারিত স্থানে ফেলা এবং বর্জ্য উৎপত্তিস্থলেই পৃথক করার আহ্বান জানান। স্বাস্থ্যসেবাসহ সব ক্ষেত্রে টেকসই প্লাস্টিক ও চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে তিনি সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সভায় স্থানীয় প্রশাসন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও পৃথকীকরণ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় জনগোষ্ঠীর সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা সিরাজগঞ্জ মেডিকেল কলেজ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় অংশগ্রহণকারীদের মধ্যে প্রয়োজনীয় পরিচ্ছন্নতা সরঞ্জাম বিতরণ করা হয়। পরিবেশ অধিদপ্তর, ইউএনআইডিও, স্থানীয় প্রশাসন, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনগণ সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
কর্মসূচিতে প্লাস্টিক পণ্যের অনিয়ন্ত্রিত ব্যবহার ও যত্রতত্র বর্জ্য ফেলার ফলে সৃষ্ট পরিবেশগত ঝুঁকি তুলে ধরে বর্জ্য নির্ধারিত স্থানে ফেলা, পুনর্ব্যবহারযোগ্য উপকরণ পৃথকভাবে সংগ্রহ এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের অপ্রয়োজনীয় ব্যবহার কমানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে পরিবেশ সুরক্ষায় জনসম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনার চর্চা জোরদার করবে। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনগোষ্ঠী, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ধারাবাহিক সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সূত্র: The Daily Ittefaq
সম্পর্কিত সংবাদ
উল্লাপাড়ার দুর্গানগর ইউনিয়ন চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে আব্দুল মমিন
২৭ অক্টোবর, ২০২৬ এ ৯:০০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত | জাতীয় | বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৭ অক্টোবর, ২০২৬ এ ৬:২৯ PM · Bangladesh Sangbad Sangstha (BSS)
সিরাজগঞ্জের রায়গঞ্জে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান অনুষ্ঠিত
২৭ অক্টোবর, ২০২৬ এ ৬:২০ PM · nagorik tv
