শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে নবনিয়োগপ্রাপ্ত সার ডিলারদের সঙ্গে চুক্তি সম্পাদন ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১১ নভেম্বর, ২০২৬ এ ১১:৩৮ PM

সিরাজগঞ্জে নবনিয়োগপ্রাপ্ত সার ডিলারদের সঙ্গে চুক্তি সম্পাদন ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মোঃ হোসেন আলী ছোট্ট :

সিরাজগঞ্জে নবনিয়োগপ্রাপ্ত সার ডিলারদের সঙ্গে চুক্তি সম্পাদন ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সার বিতরণে কৃষকদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া, নির্ধারিত মূল্যে সার বিক্রি এবং সরকারি নিয়মনীতি যথাযথভাবে অনুসরণের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম। একই সঙ্গে সার নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি, দুর্নীতি ও অনিয়মের চেষ্টা করলে ডিলারশিপ বাতিলসহ আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন তিনি।

বুধবার (১১ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং জেলা সার ও বীজ মনিটরিং কমিটি যৌথভাবে এ সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম। বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। সরকার কৃষকদের পাশে রয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি করতে সবাইকে সম্মিলিতভাবে সহযোগিতা করতে হবে। সার ডিলারদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সবসময় কৃষকদের ভালোবাসবেন। সার বিতরণের ক্ষেত্রে প্রথম অগ্রাধিকার পাবেন প্রকৃত কৃষকরা।

তিনি আরও বলেন, সুষ্ঠুভাবে সরকারি নিয়ম মেনে নির্ধারিত মূল্যে প্রকৃত কৃষকদের কাছে সার বিক্রি করতে হবে। সার নিয়ে কেউ কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করবেন না। সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষকদের ভালোবাসতেন এবং সবসময় তাদের পাশে থাকতেন।

জেলা প্রশাসক হুঁশিয়ারি দিয়ে বলেন, সার নিয়ে কেউ ফ্যাসিবাদী কায়দায় দুর্নীতি করবেন না। কেউ সার নিয়ে কেলেঙ্কারি কিংবা ছিনিমিনি খেলার চেষ্টা করলে তার ডিলারশিপ থাকবে না। পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ও সভা পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি সিরাজগঞ্জের উপপরিচালক কৃষিবিদ এ কে এম মনজুরে মাওলা।

এ সময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা উপপরিচালক (পিপি) আনোয়ার সাদাত, বিএডিসি সিরাজগঞ্জের যুগ্ম পরিচালক (সার) মোঃ কামরুজ্জামান সরকার, সিরাজগঞ্জ বিএফএ জেলা ইউনিটের সভাপতি মোঃ ফরহাদ হোসেন খান, সাধারণ সম্পাদক মোঃ আবু নাসের রানা, যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক কৃষিবিদ খালেদ ইবনে ফজলে (সবুর), জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রুসুম রেওয়াজ তুহিন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস এম নাসিম হোসেন এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সাইদী রহমান প্রমুখ।

এ সময় জেলার নবনিয়োগপ্রাপ্ত সকল সার ডিলার উপস্থিত ছিলেন। সভায় ডিলারদের সঙ্গে চুক্তি সম্পাদনের পাশাপাশি সার বিতরণ ও বিপণনসংক্রান্ত নিয়মনীতি এবং দায়িত্ব-কর্তব্য সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়।

The post সিরাজগঞ্জে নবনিয়োগপ্রাপ্ত সার ডিলারদের সঙ্গে চুক্তি সম্পাদন ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ