শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৩

১৫ অক্টোবর, ২০২৬ এ ৩:১১ PM

সিরাজগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৩

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় লুট হওয়া ৪০০টি গ্যাস সিলিন্ডারের মধ্যে ৪৮টি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি জব্দ করা হয়েছে একটি মিনি ট্রাক।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার দিবাগত রাতে বগুড়ার শাজাহানপুর ও সদর উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন শাজাহানপুরের ট্রাকচালক মহিদুল ইসলাম (২৬), তার সহকারী সাকিব হোসেন (২০) এবং বগুড়া সদর উপজেলার গোলাম মোস্তফা (৪৬)। পুলিশ জানিয়েছে, মামলার পর তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, গত ৭ অক্টোবর রাত ৩টার দিকে রায়গঞ্জের চকনুর এলাকার তালুকদার ফিলিং স্টেশন থেকে ৪০০টি বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডার নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করে একটি ট্রাক। পথে রৌহা ব্রিজ এলাকায় ১৫ থেকে ১৬ জন দুর্বৃত্ত ট্রাকটির গতিরোধ করে। ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে চালক ও তার সহযোগীদের জিম্মি করে ট্রাকের নিয়ন্ত্রণ নেয় তারা।

পরে ষোলমাইল ফায়ার সার্ভিস এলাকার একটি কবরস্থানের কাছে ফাঁকা রাস্তায় ট্রাকটি থামিয়ে দু’টি মিনি ট্রাকে গ্যাস সিলিন্ডারগুলো তুলে নেয় দুর্বৃত্তরা। এ সময় চালক ও সহকারীর তিনটি মোবাইলফোন এবং নগদ ৮৬ হাজার টাকাও ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ডিক্রির চর এলাকার শফিউল্লাহ বাদী হয়ে মামলা করেন।

সূত্র: Sarabangla

সম্পর্কিত সংবাদ