শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে গরু চুরি রুখতে বাঁশের ব্যারিকেড

২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৪৬ PM

সিরাজগঞ্জে গরু চুরি রুখতে বাঁশের ব্যারিকেড

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় গরু চুরিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ সড়ক ও সংযোগস্থলে ‘বাঁশকল’ চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। বাঁশের ব্যারিকেড দিয়ে স্থাপিত এসব চেকপোস্টে পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা প্রতি রাতে পাহারা ও নজরদারি করছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে তাড়াশ থানা এলাকার বিভিন্ন বাঁশকল চেকপোস্ট সরেজমিনে পরিদর্শন করেন সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু। এ সময় তিনি চেকপোস্টে দায়িত্ব পালনরত পুলিশ সদস্য, গ্রাম পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের সাথে কথা বলেন এবং রাতের নিরাপত্তা ব্যবস্থা ও পাহারা কার্যক্রমের খোঁজখবর নেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন থানা এলাকায় গরু চুরিসহ অন্যান্য অপরাধ প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ স্থানে বাঁশকল বা বাঁশের ব্যারিকেড স্থাপন করা হয়েছে। রাতের বেলায় এসব চেকপোস্টে সন্দেহজনক যানবাহন ও মানুষের চলাচল পর্যবেক্ষণ করা হচ্ছে।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর বলেন, পুলিশ সুপারের উদ্যোগে বাঁশকল চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গরু চুরিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি স্থানীয় নাগরিকদেরও সম্পৃক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, থানায় সীমিতসংখ্যক কর্মকর্তা ও পুলিশ সদস্য থাকলেও স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতায় রাতের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। চুরি প্রতিরোধে পুলিশ সুপার নিজেও গভীর রাতে বিভিন্ন বাঁশকল চেকপোস্ট পরিদর্শন করে কার্যক্রম তদারকি করছেন।

পুলিশের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি বা যানবাহন সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ প্রতিরোধে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় বাঁশকল চেকপোস্টসহ এ ধরনের নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

পড়ুন:গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সূত্র: nagorik tv

সম্পর্কিত সংবাদ