শাহজাদপুর সংবাদ

সাইদুর রহমান বাচ্চুর শারীরিক খোঁজ নিতে রাজনৈতিক সহকারীকে হাসপাতালে পাঠালেন প্রধানমন্ত্রী

২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২১ AM

সাইদুর রহমান বাচ্চুর শারীরিক খোঁজ নিতে রাজনৈতিক সহকারীকে হাসপাতালে পাঠালেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর রাজনৈতিক সহকারী ও ডাকসুর সাবেক জিএস রাশেদ খানকে হাসপাতালে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) রাত সাড়ে ১০ টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারি রাশেদ খাঁন ঢাকার উত্তরায় হাই কেয়ার জেনারেল হাসপাতালে যান। প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে দেশের বাইরে অবস্থান করায় তাঁর পক্ষ থেকে রাজনৈতিক সহকারী রাশেদ খানকে হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালে গিয়ে রাশেদ খান চিকিৎসাধীন সাইদুর রহমান বাচ্চুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। একই সঙ্গে তাঁর চলমান চিকিৎসা, চিকিৎসকদের পরামর্শ এবং সার্বিক শারীরিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন।

এ সময় তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাইদুর রহমান বাচ্চুর দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করে শুভকামনা পৌঁছে দেন।

সাইদুর রহমান বাচ্চুর শারীরিক অবস্থার খোঁজ নিতে এর আগে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরাও হাসপাতালে গিয়ে তাঁর চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।

সাইদুর রহমান বাচ্চু বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর শনিবার সকাল থেকে তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করেন। তীব্র মাথাব্যথা ও বুকব্যথায় ওই রাতে তিনি ঘুমাতে পারেননি। পরদিন রোববার সকালে তাঁকে সিরাজগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে রোববার দুপুরে তাঁকে ঢাকায় পাঠানো হয়। বিভিন্ন প্রতিবেদনে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণের আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে।

বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা ও রোগমুক্তির জন্য পরিবারের সদস্য, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

The post সাইদুর রহমান বাচ্চুর শারীরিক খোঁজ নিতে রাজনৈতিক সহকারীকে হাসপাতালে পাঠালেন প্রধানমন্ত্রী appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ