শাহজাদপুর সংবাদ

ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নেবে বাংলাদেশ

২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩৬ PM

ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নেবে বাংলাদেশ

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার দিপক শহরে আগামী ২ থেকে ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে ২৩তম আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড (আইএমএসও ২০২৬)। এই অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য ১৬ সদস্যের পূর্ণাঙ্গ জাতীয় দল ঘোষণা করা হয়েছে।

প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য আয়োজিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই অলিম্পিয়াডের যাত্রা শুরু হয় ২০০৩ সালে ইন্দোনেশিয়ায়। তখন এর নাম ছিল আসিয়ান গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড (এএমএসও)। ২০১১ সাল থেকে এটি আন্তর্জাতিক পর্যায়ে সম্প্রসারিত হয় এবং এরপর বিভিন্ন দেশে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়ে আসছে। ২০২৫ সালে মালয়েশিয়ার কেদাহ প্রদেশে অনুষ্ঠিত ২২তম আসরে প্রথমবারের মতো অংশ নিয়ে বাংলাদেশ শতভাগ সাফল্য পায়। দলের ১২ জন শিক্ষার্থীর সবাই পদক জেতে। তাদের মধ্যে দুজন রৌপ্য ও ১০ জন ব্রোঞ্জপদক পায়।

এবারের এই অলিম্পিয়াডে গণিত দলে আছে সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অরিজিৎ সাহা, মো. নবী হোসাইন, ইহান আবরাদ রহমান, মো. সামিন সাইফ, ইরতিশ জায়েদ লিয়াম, শারাফ বিন আনোয়ার, আলী ওমর ও মো. শাহিদ মোরসালিন।

বিজ্ঞান দলে আছে মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের তাহমিদ হাসান, এসএফএক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের অভিজ্ঞান রায় গল্প, সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের রাইয়ান আফরাদ, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সাহাবী ইবনে কাব্য, সিরাজগঞ্জের বনওয়ারী লাল সরকারি উচ্চবিদ্যালয়ের রাফসান শফিক তালুকদার, বাসিরাহ ইন্টারন্যাশনাল স্কুলের আরহাম আবিদ, ময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুলের মো. মিফতাহুল ইসলাম এবং এ জি চার্চ স্কুলের মোহাম্মদ মুশরিফ আলম।

দলের অরিজিৎ সাহা ও তাহমিদ হাসান গত বছর মালয়েশিয়ায় রৌপ্যপদকজয়ী দলের সদস্য ছিল। এবারও তারা নিজেদের সাফল্য ধরে রাখার লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নিচ্ছে।

আইএমএসওর জন্য বাংলাদেশ দল বাছাই করা হয় বাংলাদেশ গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড (বিডিএমএসও ২০২৬)-এর মাধ্যমে। গত ৮ আগস্ট ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রংপুর—এই চার অঞ্চলে একযোগে অনুষ্ঠিত হয় বিডিএমএসওর জাতীয় পর্ব। এতে অংশ নেয় প্রায় ১ হাজার শিক্ষার্থী। পরে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে অনলাইন ক্যাম্প আয়োজন করা হয়। এরপর ২১ ও ২২ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত দল নির্বাচনী পরীক্ষা (টিএসটি) থেকে গণিত ও বিজ্ঞান বিভাগে আটজন করে মোট ১৬ জন শিক্ষার্থীকে চূড়ান্ত বাংলাদেশ দলের জন্য নির্বাচিত করা হয়।

নির্বাচিত শিক্ষার্থীদের আন্তর্জাতিক অলিম্পিয়াডের জন্য প্রস্তুত করতে ১৫ থেকে ১৮ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয় আবাসিক প্রস্তুতিমূলক ক্যাম্প। এতে হাতেকলমে পরীক্ষাগারের অনুশীলন ও সমস্যা সমাধানের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রস্তুতি শেষে দলটি আগামী ১ অক্টোবর ইন্দোনেশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। প্রতিযোগিতা শেষে দেশে ফিরবে ৯ অক্টোবর।

আইএমএসও ২০২৬-এ বাংলাদেশ দলের দলনেতা হিসেবে থাকছেন বিডিওএসএনের সভাপতি ও আইএমএসও বাংলাদেশের কান্ট্রি কোঅর্ডিনেটর মুনির হাসান। সহকারী দলনেতা হিসেবে আছেন মো. তানভীরুল ইসলাম। বিজ্ঞান মেন্টর হিসেবে আছেন মিম নাজ রহমান এবং গণিত মেন্টর সামিরা সুমাইয়া।

বিডিএমএসও ২০২৬ যৌথভাবে আয়োজন করছে এসপিএসবি, বিডিওএসএন ও ম্যাসল্যাব। আয়োজনের পাওয়ার্ড বাই পার্টনার পুষ্টি। সহযোগিতায় রয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, টিবিএস গ্র্যাজুয়েটস, বিজ্ঞানচিন্তা, কিশোর আলো, টেমস একাডেমি, রিফ্লেকটিভ টিনস, শৈশব ও নিত্য উপহার।

ইন্দোনেশিয়ায় ২৩তম আইএমএসওর আয়োজক ম্যাথমেটিকস এডুকেশন ক্লিনিক এবং ইন্দোনেশিয়ার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ