শাহজাদপুর সংবাদ

শাহজাদপুরে ট্রাকচাপায় সিএনজিচালকের মর্মান্তিক মৃত্যু

২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:১০ PM

মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় মোমিনুল ইসলাম (৩৫) নামে এক সিএনজিচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উপজেলার সরিষাকোল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোমিনুল ইসলাম শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর গ্রামের আবু সাঈদের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে যাত্রীর অপেক্ষায় সরিষাকোল বাজারে সিএনজি অটোরিকশায় বসে ছিলেন মোমিনুল। এ সময় সিরাজগঞ্জ রোড থেকে আসা একটি দ্রুতগতির পাথরবোঝাই ট্রাক পেছন থেকে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মারাত্মক আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। দুর্ঘটনার পরপরই ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।

শাহজাদপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ পারভেজ আহমেদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পুলিশ ও স্বজনদের কাছে হস্তান্তর করে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। ট্রাকটি শনাক্ত ও চালককে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

সূত্র: dailysakalbela.com

সম্পর্কিত সংবাদ