শাহজাদপুর সংবাদ

ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই- জেলা পরিষদ প্রশাসক

১১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:১৫ AM

ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই- জেলা পরিষদ প্রশাসক

মোঃ হোসেন আলী ছোট্ট :

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে জেলা পরিষদ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) সকালে সিরাজগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে উল্লাপাড়া থেকে পূর্ণিমাগাঁতী সড়ক পর্যন্ত এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। ‘৫ বছরে ২৫ কোটি’ বৃক্ষরোপণ কর্মসূচির অনুসরণে জেলা পরিষদ এ উদ্যোগ গ্রহণ করেছে।

সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম শাহীন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম শাহীন বলেন, “পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশের জন্যই গুরুত্বপূর্ণ নয়, মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও এর গভীর সম্পর্ক রয়েছে।”

তিনি বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে দিন দিন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। অতিরিক্ত তাপমাত্রার ক্ষতিকর প্রভাব থেকে মানুষকে রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে। একই সঙ্গে ঝড়, অতিবৃষ্টি ও ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

জেলা পরিষদ প্রশাসক আরও বলেন, “বৃক্ষ পরিবেশের অকৃত্রিম বন্ধু। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি থেকে বাঁচতে এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে আমাদের সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।”

তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। এ কর্মসূচিকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে দেশীয় প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণের পাশাপাশি পরবর্তী চার বছর চারাগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষার্থী, স্কাউটস সদস্যসহ সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলাম এবং সিরাজগঞ্জ জেলা রোভার স্কাউটসের কমিশনার মোঃ সামসুল হক (এল.টি.)। পরে শ্রীকোলা-পূর্ণিমাগাঁতী সড়কে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির মূল কার্যক্রম শুরু করা হয়।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত তিন দিনব্যাপী এ বৃক্ষরোপণ কর্মসূচি চলবে। এতে বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভার স্কাউটস ও গার্ল ইন রোভার স্কাউটসের সদস্যরা অংশগ্রহণ করবেন। উল্লাপাড়া বিজ্ঞান কলেজ, শাহজাদপুর সরকারি কলেজ ও বেলকুচি সরকারি কলেজের রোভার স্কাউটস সদস্যরা সড়কের বিভিন্ন অংশে গাছের চারা রোপণ করবেন।

এদিকে, কর্মসূচির নেপথ্যে থেকে দীর্ঘদিন ধরে সহযোগিতা করে আসছেন উল্লাপাড়া বিজ্ঞান কলেজ রোভার স্কাউট গ্রুপের সাবেক রোভার স্কাউট মোঃ আব্দুর গফুর। ২০০১ সালে রোভার স্কাউট হিসেবে যুক্ত হওয়ার পর থেকে তিনি বিভিন্ন সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রমে নেপথ্যে থেকে সহযোগিতা করে আসছেন। বৃক্ষরোপণ কার্যক্রমকে আরও বিস্তৃত ও কার্যকর করতে তাঁর অভিজ্ঞতা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

The post ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই- জেলা পরিষদ প্রশাসক appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ