জামালপুরে দিনে গড়ে ১৫ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পল্লী বিদ্যুতের চিঠি
১৪ আগস্ট, ২০২৬ এ ৪:০৮ PM

তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জামালপুরের জনজীবন। শহরের তুলনায় গ্রামাঞ্চলে বিদ্যুৎ–সংকট আরও প্রকট। জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকাগুলোতে দিনে ১৪ থেকে ১৫ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। বিদ্যুৎ না থাকায় দেখা দিয়েছে পানির সংকট। ব্যাহত হচ্ছে ব্যবসা-বাণিজ্য ও উৎপাদন কার্যক্রম। এতে গ্রাহকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে।
এ পরিস্থিতিতে লোডশেডিংকে কেন্দ্র করে বিদ্যুৎ অফিস, উপকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে জেলার বিভিন্ন বিদ্যুৎ অফিস ও উপকেন্দ্রের নিরাপত্তা জোরদারের জন্য প্রশাসনের সহযোগিতা চেয়েছে তারা। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের কাছে লিখিত চিঠি দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি।
জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) মো. সাহিদুল ইসলামের সই করা চিঠিতে উল্লেখ করা হয়েছে, সমিতির আওতাধীন এলাকায় বিদ্যুতের গড় চাহিদা প্রায় ১৭০ মেগাওয়াট। এর বিপরীতে জাতীয় গ্রিড থেকে প্রতিদিন ৫৫ থেকে ৬০ শতাংশ বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এতে প্রতিদিন প্রায় ৯০ থেকে ৯৫ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং করতে হচ্ছে। এতে গ্রাহকেরা ১৪ থেকে ১৫ ঘণ্টা লোডশেডিংয়ের মুখে পড়ছেন।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, প্রচণ্ড গরম ও অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বিভিন্ন ফেসবুক পোস্টে গ্রাহকেরা বিরূপ প্রতিক্রিয়া জানাচ্ছেন। পরিস্থিতি যেকোনো সময় আরও অবনতি হয়ে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে পল্লী বিদ্যুৎ সমিতি। এ কারণে সমিতির অফিস, উপকেন্দ্র এবং কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
তীব্র লোডশেডিং নিয়ে ইসলামপুর উপজেলার নটাকান্দা এলাকার আটজন গ্রাহকের সঙ্গে কথা হয়। তাঁদের কয়েকজন বলেন, পল্লী বিদ্যুতের লোডশেডিং নতুন নয়। সারা বছরই কমবেশি লোডশেডিং থাকে। তবে সাম্প্রতিক সময়ে পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে।
২৪ ঘণ্টার মধ্যে চার থেকে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যায় উল্লেখ করে নটাকান্দা এলাকার বাসিন্দা মিজানুর রহমান বলেন, সেটাও টানা নয়। ৩০ মিনিট বিদ্যুৎ থাকলে কয়েক ঘণ্টার জন্য আবার চলে যায়। এবার লোডশেডিং আগের সব সীমা ছাড়িয়ে গেছে।
একই এলাকার মো. রকি ও কাউসার আহাম্মেদও তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হওয়ার কথা জানান।
দিনের বেশির ভাগ সময়ই বিদ্যুৎ থাকে না অভিযোগ মেলান্দহের শ্যামপুর এলাকার বাসিন্দা রুকন মিয়ার। তিনি বলেন, বিদ্যুৎ না থাকায় মুঠোফোনে চার্জ দেওয়া যাচ্ছে না। ফ্রিজের খাবারও নষ্ট হচ্ছে। বিদ্যুৎ অপরিহার্য একটি সেবা। অথচ সেই সেবাই ঠিকভাবে পাওয়া যাচ্ছে না।
জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) সাহিদুল ইসলাম বলেন, তাঁরা নিয়মিত প্রশাসনকে পরিস্থিতি জানাচ্ছেন। জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও ও ওসিদের কাছে চিঠি দেওয়া হয়েছে।
বিদ্যুৎ অফিস ও উপকেন্দ্রগুলো অতিগুরুত্বপূর্ণ স্থাপনা উল্লেখ করে সাহিদুল ইসলাম বলেন, কোনো উপকেন্দ্র বা অফিসে হামলা বা ভাঙচুর হলে হাজার হাজার গ্রাহক দীর্ঘদিন বিদ্যুৎ থেকে বঞ্চিত হবেন। তাই এসব স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। লোডশেডিং প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের ইচ্ছায় লোডশেডিং হয় না। জাতীয় গ্রিড থেকে বরাদ্দ কম পাওয়ার কারণেই লোডশেডিং করতে হচ্ছে। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রশাসনের সার্বিক সহযোগিতা চেয়েছি।’
পল্লী বিদ্যুৎ সমিতির চিঠির পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।
জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় গ্রাহকসংখ্যা প্রায় আট লাখ। জামালপুরের পাশাপাশি কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর এবং সিরাজগঞ্জ ও বগুড়ার কিছু এলাকাতেও এই সমিতির মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এসব এলাকাসহ জামালপুর জেলায় বিদ্যুতের মোট চাহিদার বিপরীতে চলতি মাসের শুরু থেকে জাতীয় গ্রিড থেকে কম বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এ কারণে চাহিদা ও সরবরাহের বড় ঘাটতি সামাল দিতে নিয়মিত লোডশেডিং করতে হচ্ছে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
১৬ আগস্ট, ২০২৬ এ ৯:০৮ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
জরিমানা দিয়েই ফের অবৈধ লোড-আনলোড,প্রশাসনের সক্ষমতা নিয়ে প্রশ্ন ?
১৬ আগস্ট, ২০২৬ এ ৫:৩৪ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সর্বজন শ্রদ্ধেয় আলেম ইসমাইল রহ: এর কর্মময় জীবনীর আলোচনা সভা অনুষ্ঠিত
১৬ আগস্ট, ২০২৬ এ ৫:২১ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে বিএনপি এমপি ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা, ভাঙচুর
১৬ আগস্ট, ২০২৬ এ ২:১৭ AM · এইমাত্র
সিরাজগঞ্জে এমপির গাড়িতে ঢিল, হামলার অভিযোগ জামায়াত-এনসিপির বিরুদ্ধে
১৬ আগস্ট, ২০২৬ এ ১:৪১ AM · Kaler Alo
