শাহজাদপুর সংবাদ

ছাত্রীকে নিয়ে উধাও প্রাইভেট শিক্ষক

৬ নভেম্বর, ২০২৬ এ ৯:২৭ AM

ছাত্রীকে নিয়ে উধাও প্রাইভেট শিক্ষক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে প্রাইভেট শিক্ষক রাজিব হোসেন (৩৮) উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার এক দিন পেরিয়ে গেলেও ওই ছাত্রীর কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক ও তার মায়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ছাত্রীর মা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ছাত্রীর মা মমতা খাতুন উল্লাপাড়া মডেল থানায় এ অভিযোগ করেন। এর আগে বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার বালসাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

অভিযুক্ত রাজিব হোসেন স্থানীয় ‘অধ্যায়ন একাডেমি’ নামের একটি বেসরকারি কোচিং সেন্টারের পরিচালক। তিনি বালসাবাড়ি হাজী আমিনুল ইসলাম উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী রেশমাকে (ছদ্মনাম) কোচিং সেন্টার ও নিজের বাসায় নিয়মিত পড়াতেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার সকালে বিদ্যালয়ে নির্বাচনি পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে বের হয় ওই ছাত্রী। তবে পরীক্ষা শেষে সে আর বাড়িতে ফেরেনি। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে জানতে পারেন, প্রাইভেট শিক্ষক রাজিব হোসেন তাকে নিয়ে চলে গেছেন বলে অভিযোগ রয়েছে।

ছাত্রীর পরিবারের আরও অভিযোগ, এর আগেও রাজিব হোসেন দুই ছাত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে করেছিলেন। পরে তাদের দুজনকেই তালাক দেন বলে জানা গেছে।

এ বিষয়ে বালসাবাড়ি হাজী আমিনুল ইসলাম উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইদুর রহমান বলেন, ‘রাজিব কোচিং সেন্টারের আড়ালে কোমলমতি ছাত্রীদের প্রেমের ফাঁদে ফেলে এমন ন্যক্কারজনক কাজ করছেন। এতে পুরো শিক্ষকসমাজ বিব্রত হচ্ছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

অভিযুক্ত রাজিব হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

উল্লাপাড়া মডেল থানার ওসি মেহেদী হাসান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ছাত্রীকে উদ্ধার এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।’

সূত্র: Daily Bangla Post

সম্পর্কিত সংবাদ

ছাত্রীকে নিয়ে উধাও প্রাইভেট শিক্ষক | শাহজাদপুর সংবাদ