শাহজাদপুর সংবাদ

কামারখন্দে মুরগি বিক্রি করে সাইকেল কেনার স্বপ্ন,পাশে দাঁড়ালেন স্বেচ্ছাসেবক দলের নেতা কায়েস

২৬ আগস্ট, ২০২৬ এ ১০:৪৯ PM

কামারখন্দে মুরগি বিক্রি করে সাইকেল কেনার স্বপ্ন,পাশে দাঁড়ালেন স্বেচ্ছাসেবক দলের নেতা কায়েস

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চরকুড়া গ্রামের দরিদ্র গার্মেন্টস শ্রমিকের ছেলে তামিম হোসেনের (১১) দীর্ঘদিনের স্বপ্ন ছিল একটি বাইসাইকেল। সহপাঠী ও বন্ধুদের সাইকেলে স্কুলে যাওয়া-আসা এবং বিকেলে ঘুরে বেড়ানোর দৃশ্য তাকে সবসময়ই আকৃষ্ট করত। কিন্তু পরিবারের আর্থিক সংকটের কারণে সেই স্বপ্ন পূরণ হচ্ছিল না।তামিমের বাবা শামসুল আলম ঢাকায় একটি গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করেন। মাসে প্রায় ১৬ হাজার টাকা আয় করে সংসার চালাতে হিমশিম খেতে হয় তাকে। ফলে ছেলের সাইকেল কেনার ইচ্ছা থাকলেও তা পূরণ করা সম্ভব হয়নি।নিজের স্বপ্ন পূরণে হাল ছাড়েনি তামিম। কয়েক মাস আগে জমানো টাকা দিয়ে দুটি মুরগির বাচ্চা কিনে বাড়িতে যত্ন করে পালন করতে থাকে সে। মঙ্গলবার বিকেলে সেই মুরগি দুটি কামারখন্দ হাটে বিক্রি করতে নিয়ে আসে। পরে এক হাজার টাকায় মুরগি দুটি বিক্রি করে তামিম।

মুরগি বিক্রির সময় ক্রেতারা জানতে চান, টাকা দিয়ে কী করবে সে। তামিম জানায়, টাকা জমিয়ে একটি বাইসাইকেল কিনবে। তার এমন কথা জানতে পেরে বিষয়টি নজরে আসে কামারখন্দ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েসের।শিশুটির ছোট্ট স্বপ্নের কথা জানতে পেরে বুধবার (২৬ আগস্ট) তামিমের পাশে দাঁড়ান আব্দুল্লাহ আল কায়েস। তিনি তামিমের হাতে একটি নতুন বাইসাইকেল তুলে দিয়ে তার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেন।নতুন সাইকেল হাতে পেয়ে তামিমের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। এ সময় উপস্থিত লোকজনও তার উদ্যোগ এবং আব্দুল্লাহ আল কায়েসের মানবিকতার প্রশংসা করেন।আব্দুল্লাহ আল কায়েস বলেন, “একটি শিশুর ছোট্ট স্বপ্নের কথা জানতে পেরে সেটি পূরণ করার চেষ্টা করেছি। নিজের হাতে তার হাতে নতুন সাইকেল তুলে দিতে পেরে আমি আনন্দিত। তার স্বপ্নগুলো আরও বড় হোক এবং সুন্দর ভবিষ্যতের পথে এগিয়ে যাক—এটাই আমার কামনা।

তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ শিশু-কিশোরদের ছোট ছোট স্বপ্ন পূরণে এগিয়ে এলে তাদের আত্মবিশ্বাস বাড়বে। এতে তারা ভবিষ্যতে আরও বড় স্বপ্ন দেখার সাহস পাবে।তামিম জানায়, বাবার কাছে বারবার সাইকেল চাইলেও আর্থিক সংকটের কারণে বাবা তা কিনে দিতে পারেননি। তাই নিজের স্বপ্ন পূরণে সে মুরগি পালন করে টাকা জমানোর উদ্যোগ নেয়। মুরগি বিক্রি করে পাওয়া এক হাজার টাকা মায়ের কাছে জমা দেওয়ার পরিকল্পনা ছিল তার। তবে এর আগেই নতুন সাইকেল পেয়ে তার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো।

The post কামারখন্দে মুরগি বিক্রি করে সাইকেল কেনার স্বপ্ন,পাশে দাঁড়ালেন স্বেচ্ছাসেবক দলের নেতা কায়েস appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ