শাহজাদপুর সংবাদ

উল্লাপাড়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

১৪ অক্টোবর, ২০২৬ এ ৮:৪৯ PM

উল্লাপাড়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

মোঃ হোসেন আলী ছোট্ট :সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, নৈতিক অবক্ষয়, গুজব ও অপতথ্য প্রতিরোধ, বৈষম্যহীন সমাজ গঠন, ডেঙ্গু ও মাদক প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের সঠিক ব্যবহার নিয়ে আলোচনা করা হয়।বুধবার (১৪ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় সিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে উল্লাপাড়া উপজেলার কয়ড়া খাদিজা সাঈদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের উপপরিচালক মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের মূল লক্ষ্য হলো সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়ন নিশ্চিত করা, যাতে কেউ উন্নয়নের সুফল থেকে পিছিয়ে না থাকে। একটি সুখী, সমৃদ্ধ ও স্বাবলম্বী পরিবারই উন্নত উপজেলা এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনের ভিত্তি।তিনি বলেন, উল্লাপাড়া উপজেলায় সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক নিরাপত্তা খাতে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব উদ্যোগের সুফল তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ প্রসঙ্গে তিনি বলেন, এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের পরিবারগুলোর প্রকৃত অবস্থা ও চাহিদা নিরূপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে যোগ্য ও অসহায় পরিবারগুলোকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং টিসিবির খাদ্যসহায়তাসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সহায়তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।তিনি আরও বলেন, সামাজিক অবক্ষয় রোধ, গুজব ও অপতথ্য থেকে মানুষকে সচেতন রাখা, ডেঙ্গু ও মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং বাল্যবিবাহ বন্ধে পরিবার ও সমাজের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতনতা ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আ. কাদের বিশ্বাস এবং কয়ড়া খাদিজা সাঈদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুল করিম। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।সমাবেশে সরকারের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবারভিত্তিক সচেতনতার মাধ্যমে একটি বৈষম্যহীন, সচেতন ও উন্নত সমাজ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

The post উল্লাপাড়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ