শাহজাদপুর সংবাদ

হামলার ঘটনায় অপপ্রচারের অভিযোগ,সুষ্ঠু তদন্ত দাবি ইঞ্জিনিয়ার আব্দুল মমিনের

২২ নভেম্বর, ২০২৬ এ ১০:৫০ PM

হামলার ঘটনায় অপপ্রচারের অভিযোগ,সুষ্ঠু তদন্ত দাবি ইঞ্জিনিয়ার আব্দুল মমিনের

মোঃ তানভীর শাকিল, সিরাজগঞ্জ :সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপির সাধারণ সম্পাদক পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে হামলার অভিযোগের ঘটনায় নিজেদের জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানোর অভিযোগ তুলেছেন বখতিয়ার ফিরোজ, ইঞ্জিনিয়ার আব্দুল মমিনসহ বিএনপির কয়েকজন নেতা। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ ও দাবি তুলে ধরেন নেতারা। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী বখতিয়ার ফিরোজ, সাবেক সভাপতি জয়নাল আবেদীন এবং জেলা যুবদলের নেতা ইঞ্জিনিয়ার আব্দুল মমিন, বিপ্লবসহ অন্যরা।সংবাদ সম্মেলনে বখতিয়ার ফিরোজ বলেন, একটি স্বার্থান্বেষী মহল তাঁদের জড়িয়ে বিভিন্ন ধরনের মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। প্রকৃত ঘটনা যাচাই-বাছাই না করে এভাবে কাউকে দায়ী করা কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের কর্মকাণ্ড আগামী দিনের রাজনৈতিক পরিবেশের জন্য মোটেও মঙ্গলজনক হবে না।তিনি আরও বলেন, তাঁরা কোনো অন্যায় বা সন্ত্রাসী কর্মকাণ্ডকে সমর্থন করেন না। বরং ঘটনার সঙ্গে প্রকৃতপক্ষে যারা জড়িত, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।জেলা যুবদলের নেতা ইঞ্জিনিয়ার আব্দুল মমিন বলেন, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের আগেই কাউকে দায়ী করা কিংবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কারও বিরুদ্ধে অপপ্রচার চালানো উচিত নয়। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। তদন্তে যারা দোষী প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।উল্লেখ্য, রোববার (২২ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ শহরের পৌর ভাসানী মিলনায়তনে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ফরম বিতরণ করা হচ্ছিল। এ সময় খোকশাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মনজুর রহমান বকুল ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মিলন সরকার ফরম সংগ্রহের পর হামলার শিকার হন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় মিলন সরকারসহ পাঁচজন আহত হয়েছেন বলে অভিযোগকারীরা দাবি করেন।এদিকে হামলার ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা সামনে আনার দাবি জানিয়েছেন সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা।

The post হামলার ঘটনায় অপপ্রচারের অভিযোগ,সুষ্ঠু তদন্ত দাবি ইঞ্জিনিয়ার আব্দুল মমিনের appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ