সিরাজগঞ্জে সংসদ সদস্যের গাড়িতে হামলার অভিযোগ
১৫ আগস্ট, ২০২৬ এ ১০:৩৭ PM
সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকার দলীয় সংসদ সদস্য ভিপি আইনুল হকের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে জামায়াত-শিবির ও এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় রায়গঞ্জ পৌরসভার ধানগড়া এলাকায় একটি মতবিনিময় সভা শেষে ফেরার পথে এ ঘটনা ঘটে। হামলায় গাড়ির পেছনের কাচ ভেঙে যায় বলে সংসদ সদস্যের স্বজনরা দাবি করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রায়গঞ্জে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার স্থাপনের স্থান নির্ধারণ নিয়ে ধানগড়া বাজার এলাকায় ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য ভিপি আইনুল হক। সভা শেষে গাড়িতে করে তিনি চলে যাওয়ার সময় কয়েকজন তার গাড়ি ঘিরে ধরেন। একপর্যায়ে গাড়ি এগিয়ে যাওয়ার সময় পেছন থেকে ইট-পাথর ছোড়া হলে গাড়ির কাচ ভেঙে যায়।
সংসদ সদস্যের ভাতিজা মাহমুদুল হাসান ফারুক অভিযোগ করেন, জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে গাড়িতে হামলা চালান। তারা গাড়ির পেছনের কাচ ভেঙে ফেলেন এবং পাথর ছোড়েন। এতে কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি। পরে সংসদ সদস্যকে উদ্ধার করে চান্দাইকোনা এলাকায় নিয়ে যাওয়া হয়।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমির গোলাম মর্তুজা। তিনি দাবি করেন, কোনো হামলার ঘটনা ঘটেনি। বরং গাড়ি ভাঙার কারণ সংসদ সদস্যের পক্ষই বলতে পারবে।
তিনি বলেন, রায়গঞ্জ পৌরসভা এলাকায় টেকনিক্যাল ট্রেনিং সেন্টার স্থাপনের জন্য আগেই দেড় একর জায়গা নির্ধারণ করা হয়েছিল। তবে বরাদ্দ পাওয়ার পর সংসদ সদস্য সেটি চান্দাইকোনা এলাকায় নেওয়ার চেষ্টা করছেন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ রয়েছে। তার দাবি, মতবিনিময় সভায় স্থানীয়রা সংসদ সদস্যের প্রস্তাবে সম্মতি না দেওয়ায় ফেরার সময় উত্তেজনা তৈরি হয়।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান বলেন, একটি সভা শেষে ফেরার পথে সংসদ সদস্যের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলার প্রকৃত কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।
সূত্র: protifolon
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুরে সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে চারা বিতরণ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:২১ PM · Daily Kaler Somaj
সিরাজগঞ্জে বাসের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত, আহত ২
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:৫৮ PM · nagorik tv
সিরাজগঞ্জের মাঠজুড়ে পেঁপের সমারোহ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৪ PM · Daily Times Of Bangladesh
সিরাজগঞ্জে ৬৬ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার, এস আরবির অভিযান
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩৬ AM · tritiyamatra.com
