শাহজাদপুর সংবাদ

শাহজাদপুরে সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে চারা বিতরণ

২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:২১ PM

শাহজাদপুরে সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে চারা বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুরে সবুজায়ন ও বনায়ন কার্যক্রমকে উৎসাহিত করতে সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে নারী-পুরুষের মধ্যে বিনামূল্যে চার শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার কান্দাপাড়া এলাকায় সাজেদা ফাউন্ডেশনের শাখা কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে এসব চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন। সাজেদা ফাউন্ডেশনের মাইক্রো ফাইন্যান্স (সূচনা) উল্লাপাড়া এরিয়া ম্যানেজার বিশ্বনাথ জজ তিগার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাজেদা ফাউন্ডেশনের বিবর্তন এরিয়া ম্যানেজার বিপুল মহন্ত ও ম্যানেজার (সূচনা) মো. আব্দুল আলিম।অনুষ্ঠানে বিভিন্ন গ্রামের নারী-পুরুষসহ সাজেদা ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সরকার ঘোষিত বনায়ন কার্যক্রমে গ্রামের মানুষকে সম্পৃক্ত ও উদ্বুদ্ধ করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় শাহজাদপুরের বিভিন্ন এলাকায় সবুজায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলার সাজেদা ফাউন্ডেশনের ছয়টি অফিসের মাধ্যমে মোট ২ হাজার ১৭০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হবে।

এরই ধারাবাহিকতায় শাহজাদপুরের সূচনা শাখার উদ্যোগে বুধবার চার শতাধিক চারা বিতরণ করা হয়। এসব চারা নিজ নিজ বাড়ির আঙিনা, রাস্তার পাশে ও উপযুক্ত স্থানে রোপণের জন্য উপকারভোগীদের দেওয়া হয়।

সাজেদা ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, শুধু চারা বিতরণ করেই কার্যক্রম শেষ করা হবে না। বিতরণ করা চারাগুলো যথাযথভাবে রোপণ, পরিচর্যা ও সংরক্ষণ করা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণে বিশেষ মনিটরিং কার্যক্রম চালানো হবে।

গাছগুলো যাতে বেঁচে থাকে এবং দীর্ঘমেয়াদে পরিবেশের জন্য উপকারী হয়ে ওঠে, সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।আয়োজকদের আশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে গ্রামের মানুষের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বাড়বে এবং শাহজাদপুরের বিভিন্ন এলাকায় সবুজায়ন আরও সম্প্রসারিত হবে।

সূত্র: Daily Kaler Somaj

সম্পর্কিত সংবাদ