শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে সেমিনার অনুষ্ঠিত

১৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪০ PM

সিরাজগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে সেমিনার অনুষ্ঠিত

মোঃ হোসেন আলী ছোট্ট :সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচারের বিস্তার রোধ এবং তা মোকাবিলার উপায় নিয়ে সিরাজগঞ্জে ‘গণতন্ত্র ও উদার মূল্যবোধবিরোধী অপপ্রচার এবং তা মোকাবিলার উপায়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ নুর নাহার বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) শাহাদাত হুসেইন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চুসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে সবাইকে ডিজিটাল স্বাক্ষরতা অর্জন করতে হবে। পাশাপাশি সমাজে নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।তিনি বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের মতপ্রকাশ, তথ্য আদান-প্রদান ও সচেতনতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে এর অপব্যবহারের কারণে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচার দ্রুত ছড়িয়ে পড়ে। এতে সমাজে অস্থিরতা, বিভ্রান্তি এবং জনমনে উদ্বেগ সৃষ্টি হয়।জেলা প্রশাসক বলেন, কোনো তথ্যের সত্যতা যাচাই-বাছাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার বা প্রচার করা উচিত নয়। সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য প্রচারের মাধ্যমে একটি সচেতন, দায়িত্বশীল ও তথ্যসমৃদ্ধ সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে।সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু তিনি বিশেষ করে তরুণ প্রজন্মকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আরও সতর্ক ও সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তথ্যের উৎস যাচাই করে কোনো তথ্য প্রচার করার ওপর গুরুত্বারোপ করেন।তিনি আরও বলেন, সরকারি উন্নয়ন কর্মকাণ্ড, জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমকর্মী, শিক্ষার্থী, শিক্ষক ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।সেমিনারে সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ, তথ্য যাচাই, গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং গণতান্ত্রিক ও উদার মূল্যবোধ সমুন্নত রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

The post সিরাজগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে সেমিনার অনুষ্ঠিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ