শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে বাস-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

১ নভেম্বর, ২০২৬ এ ১০:৪২ PM

সিরাজগঞ্জে বাস-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোভ্যানের ২ যাত্রী আহত হয়েছেন।

রবিবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের উপজেলার কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোভ্যান চালক হুমায়ুন কবির উপজেলার দুর্গানগর ইউনিয়নের বালসাবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে। নিহত অপরজন ভ্যানযাত্রী সুজন সরদার একই ইউনিয়নের হেমন্তবাড়ি গ্রামের মিন্টু সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাকা-নগরবাড়ি মহাসড়কের বালসাবাড়ি-কাঁঠালতলা এলাকায় পাবনাগামী যাত্রাবাহী বাসের সাথে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই ভ্যানচালক হুমায়ুন কবিরের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সুজন সরদারকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ভ্যানের ২ যাত্রী আহত হয়ে উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

দুর্ঘটনার খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনিবলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক বাসটির সন্ধান পাওয়া যায়নি।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সূত্র: nagorik tv

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে বাস-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২ | শাহজাদপুর সংবাদ