শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৮ নভেম্বর, ২০২৬ এ ৬:৫১ PM

সিরাজগঞ্জে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ হোসেন আলী ছোট্ট :সিরাজগঞ্জে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সোলার সার্ভিস প্রোভাইডার, শিল্প গ্রাহক ও বিদ্যুৎ বিতরণকারী সংস্থার (ইউটিলিটি) প্রতিনিধিদের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, সোলার সার্ভিস প্রোভাইডার এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম বলেন, সরকারের জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০)-এর আওতায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং জাতীয় বিদ্যুৎ গ্রিডের ওপর চাপ কমাতে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।তিনি বলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) কর্তৃক জেলা ও অঞ্চলভিত্তিক নির্বাচিত সোলার সার্ভিস প্রোভাইডারদের কাজের মান ও কারিগরি সহায়তা নিশ্চিত করা জরুরি। গ্রাহকরা যাতে সহজে, নিরাপদে ও নির্ভরযোগ্যভাবে নিজেদের ভবন ও শিল্পকারখানার ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করতে পারেন, সে লক্ষ্যে ইউটিলিটি ও সার্ভিস প্রোভাইডারদের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তুলতে হবে।সভায় শিল্পকারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অব্যবহৃত ছাদ ব্যবহার করে সৌরবিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে বিদ্যুৎ বিল সাশ্রয়ের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি নেট মিটারিং গাইডলাইন-২০২৫ অনুযায়ী উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে গ্রাহকদের আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।এ ছাড়া সৌরবিদ্যুৎ স্থাপনে সরকারি প্রণোদনা, সোলার প্যানেল, ইনভার্টার ও ব্যাটারির ওপর আমদানি শুল্ক হ্রাস, সৌরবিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য কর অব্যাহতি এবং স্বল্প সুদে গ্রিন ফাইন্যান্সিং বা ব্যাংকঋণ পাওয়ার প্রক্রিয়া নিয়েও আলোচনা করা হয়।সভায় সংশ্লিষ্টদের মধ্যে মতবিনিময়ের মাধ্যমে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়নের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ উঠে আসে। সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগে সিরাজগঞ্জে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়বে এবং বিদ্যুৎ সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

The post সিরাজগঞ্জে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ