শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে গৃহবধু হত্যা মামলায় শশুর গ্রেপ্তার

৮ অক্টোবর, ২০২৬ এ ৩:২৮ PM

সিরাজগঞ্জে গৃহবধু হত্যা মামলায় শশুর গ্রেপ্তার

সিরাজগঞ্জে গৃহবধূ রাবেয়া খাতুন (২২) হত্যা মামলায় তার শ্বশুর আফজাল হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোররাতে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বনবাড়িয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আফজাল হোসেন বনবাড়িয়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গৃহবধূ রাবেয়া খাতুনকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। একপর্যায়ে তার মাথার চুলও কেটে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, গত ১১ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে রাবেয়াকে জুসের সঙ্গে বিষজাতীয় পদার্থ খাওয়ানোর পর রিকশায় তুলে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। অসুস্থ অবস্থায় বাবার বাড়িতে পৌঁছানোর পর পরিবারের সদস্যরা তাকে জিজ্ঞাসা করলে তিনি জানান, তার স্বামী, শ্বশুরসহ শ্বশুরবাড়ির লোকজন তাকে জুস খাইয়ে রিকশায় তুলে দিয়েছেন।

পরে পরিবারের লোকজন রাবেয়াকে দ্রুত সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে নেওয়ার পরপরই রাবেয়া খাতুনের মৃত্যু হয়।

এ ঘটনায় গত ২৮ সেপ্টেম্বর রাবেয়ার বড় ভাই মো. অমিত হাসান বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় তার স্বামী মো. তরিকুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল ইসলাম এই বিষয়টি নিশ্চিত করে বলেন, গৃহবধূ রাবেয়া খাতুনকে হত্যা মামলা আফজাল হোসেন এজাহারভুক্ত আসাসি। তাকে রাতে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের পাঠানোর প্রস্তুতি চলছে।

সূত্র: Daily Bangla Post

সম্পর্কিত সংবাদ