শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে খোকশাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রোকনীর মতবিনিময় ও বৃক্ষরোপণ

১৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৫১ PM

সিরাজগঞ্জে খোকশাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রোকনীর মতবিনিময় ও বৃক্ষরোপণ

মো: হোসেন আলী ছোট্র :

মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার ৫নং খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ রেজাউল করিম রোকনী ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভা করেছেন। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৫টায় ৫নং খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদ সংলগ্ন আছহাবে ছুফফা হাফিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ৫নং খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ জয়নুল আবেদীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিরাজগঞ্জ সদর থানা বিএনপির সাবেক সহ-সভাপতি, ৫নং খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং চেয়ারম্যান প্রার্থী মোঃ রেজাউল করিম রোকনী।

বক্তব্যে রেজাউল করিম রোকনী বলেন, “আজকের এই মতবিনিময় সভায় আপনারা সবাই মিলেমিশে একসঙ্গে উপস্থিত হয়েছেন, এজন্য আমার অন্তরের অন্তস্তল থেকে আপনাদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই। আমি এর আগে কয়েকবার নির্বাচনে অংশগ্রহণ করেছি। কেন নির্বাচনে জয়ী হতে পারিনি, তা আপনারা সবাই জানেন।”

তিনি বলেন, “এর আগেও আমি এই ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছি। আগামী স্থানীয় সরকার নির্বাচনে আমি ৫নং খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচন করতে চাই। আপনারা আমার পাশে থাকলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য কাজ করব।”

তিনি আরও বলেন, “সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই। জনগণের সঙ্গে হাতে হাত মিলিয়ে এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে চাই। এজন্য আপনাদের সহযোগিতা ও সমর্থন কামনা করছি।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ও সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, ৫নং খোকশাবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, ৫নং খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নিজাম সেখ, জেলা জাসদের প্রাক্তন নেতা কমরেড আবুবক্কর ভূইয়া এবং পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি হানিফ হোসাইন বাবু।

এছাড়াও বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর কবীর খান, ৫নং খোকশাবাড়ী ওয়ার্ড বিএনপির নেতা ডাঃ দুলাল হোসেন ভূইয়া এবং ৫নং খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হাদী রোকনী।

মতবিনিময় সভা শেষে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে স্থানীয় জনসাধারণ ও যুবসমাজকে সঙ্গে নিয়ে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

পরে সিরাজগঞ্জের কৃতি সন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকুর দ্রুত সুস্থতা, আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৫নং খোকশাবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রাশেদ রোকনী।

The post সিরাজগঞ্জে খোকশাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রোকনীর মতবিনিময় ও বৃক্ষরোপণ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ