শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জ জেলা স্কাউটসের প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী আজ

১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৮ PM

সিরাজগঞ্জ জেলা স্কাউটসের প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী আজ

মোঃ হোসেন আলী ছোট্ট :বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউটসের প্রতিষ্ঠাতা ও স্কাউটিং আন্দোলনের অন্যতম পথিকৃৎ মরহুম আব্দুল আজিজ মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১০ সালের ১৪ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।আব্দুল আজিজ মিয়া ১৯৩০ সালের ১ জুলাই সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ব্রাহ্মণগ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪৬ সালে তৎকালীন চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক, ১৯৪৯ সালে সিরাজগঞ্জ কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং ১৯৫২ সালে গ্রাজুয়েশন সম্পন্ন করেন।কর্মজীবনে তিনি তৎকালীন পাবনা জেলার চৌহালী থানার পাকরাশী ইন্সটিটিউশনে এবং সিরাজগঞ্জ শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। স্কাউটিংয়ের প্রতি আগ্রহ থেকে তিনি তৎকালীন ময়মনসিংহ জেলার জামালপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে স্কাউট লিডার প্রশিক্ষণ গ্রহণ করেন।১৯৫৮ সালে তিনি সিরাজগঞ্জের আটটি বিদ্যালয়ের ৩২ জন স্কাউট নিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত ২য় পাকিস্তান জাতীয় স্কাউট জাম্বুরিতে অংশগ্রহণ করেন। একই বছর পাবনা মহকুমা থেকে ৩২ জনের স্কাউট দল নিয়ে লাহোরে অনুষ্ঠিত ৩য় পাকিস্তান স্কাউট জাম্বুরিতেও অংশ নেন।১৯৬১ সালে তিনি জেলা স্কাউট মাস্টার মনোনীত হন। ১৯৬১ থেকে ১৯৭১ সাল পর্যন্ত সহকারী সম্পাদক এবং স্বাধীনতার পর ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৭৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত জেলা কমিশনার হিসেবে দায়িত্ব পালনের পর ১৯৭৯ সালে পুনরায় জেলার সম্পাদক নির্বাচিত হন।স্কাউটিংয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি ১৯৭৯ সালে এ.এল.টি এবং ১৯৮২ সালে আই.টি.টি.সি সম্পন্ন করেন। সিরাজগঞ্জ জেলা ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর ১৯৮৬ সালে ‘সেবা মুক্ত স্কাউট দল’ প্রতিষ্ঠা করেন। ১৯৮৬ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি সিরাজগঞ্জ জেলা স্কাউটসের প্রতিষ্ঠাকালীন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।স্কাউটিংয়ের সম্প্রসারণ ও উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৭৪ সালে ‘মেডেল অব মেরিট’, ১৯৮২ সালে ‘লং সার্ভিস ডেকো’, পরবর্তীতে ‘বার-টু-দি মেডেল অব মেরিট’ এবং বাংলাদেশ স্কাউটসের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা ‘রৌপ্য ইলিশ’ পদকে ভূষিত হন।স্কাউটিংয়ের প্রতি নিবেদিতপ্রাণ এই গুণী শিক্ষক ও সংগঠকের মৃত্যুবার্ষিকীতে তাঁর সহকর্মী, শিক্ষার্থী ও স্কাউটসের সদস্যরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছেন। তাঁর দীর্ঘ কর্মময় জীবন ও স্কাউটিং আন্দোলনে অবদান সিরাজগঞ্জের স্কাউটস অঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে।

The post সিরাজগঞ্জ জেলা স্কাউটসের প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী আজ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ