শাহজাদপুর সংবাদ

শাহজাদপুরে পিতার লাঠির আঘাতে ৯ মাসের শিশুর মৃত্যুর অভিযোগ

৫ অক্টোবর, ২০২৬ এ ৩:৩১ PM

শাহজাদপুরে পিতার লাঠির আঘাতে ৯ মাসের শিশুর মৃত্যুর অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুরে পিতার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাস বয়সী হালিমা খাতুন নামের একটি শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলার গালা ইউনিয়নের চর দুগালী গ্রামে।

অভিযুক্ত শিশুটির পিতা আলিম প্রামাণিক চর দুগালী গ্রামের মোঃ মোকসেদ প্রামাণিকের ছেলে। ৩ বছর পূর্বে হাবিবুল্লাহ নগর ইউনিয়নের দরগাহর চর গ্রামের রিকশাচালক ফজর আলীর মেয়ে ফজিলা খাতুনকে বিয়ে করে। আলীম এর আগে আরেকটি বিয়ে করেছিলেন।

শিশুটির মা ফজিলা খাতুন অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই স্বামী আলিম বিভিন্ন বিষয় নিয়ে তাকে নিয়মিত নির্যাতন করতো। আজ সোমবার সকালে আব্দুল আলিম ফজিলা খাতুনকে লাঠি দিয়ে আঘাত করলে কোলে থাকা শিশু কন্যার গায়ে লাগে। এসময় ঘটনাস্থলেই শিশু হালিমার মৃত্যু হয়।

পরে শিশুটির মা তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে শোকাহত মা ফজিলা খাতুন শিশুটিকে কোলে করে শাহজাদপুর পৌর শহরের দরগাহপাড়া মহল্লায় ফুপুর বাড়িতে নিয়ে যায়।

খবর পেয়ে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন ও শফিক খানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে ঘটনাস্থল পরিদর্শন থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে শিশুটির লাশ দরগাহপাড়া থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত শিশুটির পিতা আব্দুল আলীমকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।

সূত্র: সময়ের কণ্ঠস্বর

সম্পর্কিত সংবাদ