উল্লাপাড়ায় দুই বছরেও ড্রেন নির্মাণ শেষ হয়নি,এমপি রফিকুল ইসলামের ক্ষোভ
৫ অক্টোবর, ২০২৬ এ ১১:২৩ PM

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কালিবাড়ি থেকে পাটবন্দর পর্যন্ত সড়কের পাশে ড্রেন নির্মাণকাজ দুই বছরের বেশি সময়েও শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন উল্লাপাড়া-সলঙ্গা আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। নির্মাণকাজের ধীরগতি, কাজের মান নিয়ে অভিযোগ এবং দীর্ঘদিন সড়কের বিভিন্ন অংশ খুঁড়ে রাখায় জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় সংশ্লিষ্টদের দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি। এ জন্য এক সপ্তাহের সময়সীমাও বেঁধে দিয়েছেন সংসদ সদস্য।
সোমবার (৫ অক্টোবর/২০২৬) সকালে ড্রেন নির্মাণকাজ পরিদর্শনে গিয়ে শ্যামলীপাড়া থেকে থানা মোড় পর্যন্ত সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এমপি রফিকুল ইসলাম খান। এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং দীর্ঘদিন ধরে নির্মাণকাজ চলায় সৃষ্ট জনদুর্ভোগের বিষয়ে খোঁজ নেন।
সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশ খুঁড়ে রাখা হয়েছে। কোথাও মাটি ও বালুর স্তূপ, আবার কোথাও ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ইটসহ বিভিন্ন নির্মাণসামগ্রী। এতে সড়কের প্রশস্ততা কমে গিয়ে পথচারী ও যানবাহন চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়েছে। বিশেষ করে ব্যস্ত এলাকাগুলোতে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানান স্থানীয়রা।
পরিদর্শনকালে ড্রেন নির্মাণে ব্যবহৃত নির্মাণসামগ্রীর মান ও কাজের ধীরগতি নিয়ে ঠিকাদারের কাছে জানতে চান সংসদ সদস্য। পরে তিনি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসানকে ফোন করে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন। একই সঙ্গে এক সপ্তাহের মধ্যে নির্মাণকাজ শেষ করার সময়সীমা বেঁধে দেন তিনি।
স্থানীয় সাবঠিকাদার শহিদুল ইসলাম বলেন, সড়কের পাশে পল্লী বিদ্যুতের খুঁটি, গ্যাস ও পানির লাইন থাকায় ড্রেন নির্মাণে কিছুটা সমস্যা হচ্ছে। এছাড়া পুরোনো ড্রেন ভেঙে নতুন ড্রেন নির্মাণ করায় কাজ শেষ করতে সময় লাগছে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান বলেন, উপজেলা জামে মসজিদ পর্যন্ত ড্রেন নির্মাণের কাজ শেষ হয়েছে। জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করতে বারবার তাগাদা দেওয়া হচ্ছে।
জানা গেছে, কালিবাড়ি থেকে পাটবন্দর পর্যন্ত প্রায় ১ দশমিক ৭ কিলোমিটার ড্রেন নির্মাণ প্রকল্পের কাজ ২০২৪ সালে শুরু হয়। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ৫ কোটি টাকা। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় এবং দুই বছরের বেশি সময় ধরে নির্মাণকাজ চলমান থাকায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে চলা নির্মাণকাজ দ্রুত শেষ করে সড়ক ও জনচলাচল স্বাভাবিক করা হোক। একই সঙ্গে নির্মাণকাজের মানও যথাযথভাবে নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
The post উল্লাপাড়ায় দুই বছরেও ড্রেন নির্মাণ শেষ হয়নি,এমপি রফিকুল ইসলামের ক্ষোভ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
কামারখন্দে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন- জেলা প্রশাসক
৫ অক্টোবর, ২০২৬ এ ১১:১৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে হাটবয়ড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন,সভাপতি ফারুক আহমেদ
৫ অক্টোবর, ২০২৬ এ ১০:২৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে বাবার লাঠির আঘাতে প্রাণ গেল মায়ের কোলে থাকা শিশুর
৫ অক্টোবর, ২০২৬ এ ৯:৩২ PM · dbcnews.tv
উল্লাপাড়ায় দীর্ঘদিন পর মাসব্যাপী ক্ষুদ্র ও কুটিরশিল্প-বাণিজ্য মেলা শুরু
৫ অক্টোবর, ২০২৬ এ ৯:২৭ PM · সিরাজগঞ্জের কাগজ
সিরাজগঞ্জে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বন্ধ থাকবে সব কোচিং সেন্টার
৫ অক্টোবর, ২০২৬ এ ৮:৫৫ PM · সিরাজগঞ্জের কাগজ
