শাহজাদপুর সংবাদ

শাহজাদপুরে নৌকাবাইচে চ্যাম্পিয়ন বন্যাকান্দি নিউ একতা চ্যালেঞ্জার

৯ অক্টোবর, ২০২৬ এ ১০:৩৫ PM

শাহজাদপুরে নৌকাবাইচে চ্যাম্পিয়ন বন্যাকান্দি নিউ একতা চ্যালেঞ্জার

সিরাজগঞ্জের শাহজাদপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ‘ড. এম এ মতিন স্মৃতি পানসি নৌকাবাইচ-২০২৬’-এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে কৈবর্তগাতি একতা এক্সপ্রেসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বন্যাকান্দি নিউ একতা চ্যালেঞ্জার।

শুক্রবার (৯ অক্টোবর) বেলা ৩টায় শাহজাদপুর উপজেলার শ্রীফলতলা গ্রামের করতোয়া নদীতে এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ করেন স্বাস্থ্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম এ মুহিত। পরে তিনি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে যথাক্রমে ১১০ সিসি ও ১০০ সিসির দুটি মোটরসাইকেল পুরস্কার হিসেবে প্রদান করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর সহধর্মিণী স্থপতি ফাহমিদা মুহিত, তাঁর একান্ত ব্যক্তিগত সহকারী মো. আল মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন, সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুল ইসলাম এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল জব্বার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক মো. ইয়াছিন আলী, কৃষক দলের সভাপতি আবু বকর রঞ্জু, হাবিবুল্লাহ নগর ইউপি চেয়ারম্যান প্রার্থী হেলাল মিয়া, নৌকাবাইচ আয়োজক কমিটির আহ্বায়ক শাহাদত হোসেন, যুগ্ম আহ্বায়ক রাসেল হোসেন ও রাজু আহমেদসহ অনেকে।

আয়োজক সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ৩টায় প্রতিযোগিতার সেমিফাইনালের চারটি টান অনুষ্ঠিত হয়। এতে পদ্মা এক্সপ্রেস ও নবশক্তি ফাইটার, আল মদিনা ও নলুয়া একতা চ্যালেঞ্জার, কৈবর্তগাতি ও সোনার বাংলা এবং মায়ের দোয়া ও বন্যাকান্দি দলের মধ্যে প্রতিযোগিতা হয়।

পরে কৈবর্তগাতি একতা এক্সপ্রেস ও বন্যাকান্দি নিউ একতা চ্যালেঞ্জার ফাইনালে ওঠে। ফাইনালে কৈবর্তগাতি একতা এক্সপ্রেসকে হারিয়ে বন্যাকান্দি নিউ একতা চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

সূত্র: সময়ের কণ্ঠস্বর

সম্পর্কিত সংবাদ