শাহজাদপুর সংবাদ

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: মজিবুর রহমান লেবু

৯ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৫ PM

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: মজিবুর রহমান লেবু

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক রিপোর্ট: মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে নলিছাপাড়া যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) বিকেল ৫টায় সিরাজগঞ্জের নলিছাপাড়া বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মজিবুর রহমান লেবু। তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।

প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান লেবু বলেন, খেলাধুলা মানেই শুধু হার-জিত নয়; খেলাধুলা শরীর সুস্থ রাখে এবং মনে আনন্দ জোগায়। মাঠে যারা খেলেছে, তারা সবাই বিজয়ী। খেলার মাঠে জয়-পরাজয় থাকবেই, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খেলোয়াড়সুলভ মনোভাব বজায় রাখা। সবাই সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে খেলা উপভোগ করেছেন, যা অত্যন্ত আনন্দের।

তিনি আরও বলেন, বর্তমান তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা তরুণদের মাদক, অপরাধ এবং মোবাইল ফোনের অপব্যবহার থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পড়াশোনার পাশাপাশি তরুণদের নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে মজিবুর রহমান লেবু বলেন, ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাঁর দাবি, নির্বাচনে জয়ী হওয়ার মতো অবস্থানে থাকলেও তৎকালীন আওয়ামী লীগ সরকার ফলাফল পরিবর্তন করে তাঁকে পরাজিত দেখিয়েছিল।

তিনি বলেন, বর্তমানে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ রয়েছে। জনগণ তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করলে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সহযোগিতায় সিরাজগঞ্জ সদর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর থানা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি একাব্বর আলী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুর রহমান তারেক, ৫ নম্বর খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. রেজাউল করিম রোকনী এবং সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. রুবেল আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নলিছাপাড়া যুব সমাজের এ আয়োজন স্থানীয় তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা আয়োজকদের।

The post মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: মজিবুর রহমান লেবু appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ