ভালো কাজে ছড়ানো আলো
৩ নভেম্বর, ২০২৬ এ ৯:৫০ AM

প্রথম আলোর আটাশ বছর। এই দীর্ঘ সময়ের স্রোতে কত কিছুই তো বদলে যায়, কিন্তু প্রথম আলো এবং এর পাঠক সংগঠন বন্ধুসভার বন্ধুরা একটি জায়গায় এখনো অপরিবর্তিত; আর তা হলো মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ, ভালো কাজের অদম্য নেশা।
প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্ধুসভা জাতীয় পর্ষদের আহ্বানে সারা দেশে ‘একটি ভালো কাজ’-এর উদ্যোগে বন্ধুরা যেভাবে সাড়া দিয়েছেন, তা অবিস্মরণীয়। প্রতিবছর প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা উৎসব-আয়োজন তো হয়ই, কিন্তু সবচেয়ে বড় উৎসব হয়ে ওঠে বন্ধুদের ‘একটি ভালো কাজ’ কর্মসূচি। প্রতিষ্ঠাবার্ষিকীর আগের কয়েক সপ্তাহ ধরে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বন্ধুরা যা করেন, তা কেবল সামাজিক কাজ নয়, বরং একেকটি ভালোবাসার মহাকাব্য। এ বছরও তার ব্যতিক্রম হয়নি।
দেশের বিভিন্ন প্রান্তে বন্ধুসভার বন্ধুরা নিজেদের পড়াশোনা ও কাজের ব্যস্ততার মধ্যেও যেভাবে সমাজের অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে মাঠে নেমেছিলেন, তা আমাদের আপ্লুত করে, মনে করিয়ে দেয়, তারুণ্যের আসল শক্তি কোথায়।
এবারের ভালো কাজের ছবিগুলো যখন বন্ধুসভার ওয়েবসাইটে ও ফেসবুকে দেখছিলাম, তখন বুকটা গর্বে ভরে গেছে। প্রতিটি বন্ধুসভা তার জনপদের জন্য যেন একেকটি আশার প্রদীপ হয়ে জ্বলে উঠেছে। যেমন মোংলা বন্ধুসভার বন্ধুরা বেছে নিয়েছেন জ্ঞানের আলো ছড়ানোর কাজটি। প্রত্যন্ত অঞ্চলের শিশুদের বাড়ি বাড়ি গিয়ে কিংবা মফস্সলের কোনো এক ছায়াঘেরা জায়গায় তাঁরা শিশুদের হাতে তুলে দিয়েছেন বই, খাতা ও কলম। প্রযুক্তির এই যুগে একটি বইয়ের পাতা উল্টে যখন কোনো শিশু নতুন কিছু শেখে, তার চেয়ে সুন্দর দৃশ্য আর কী হতে পারে! অন্যদিকে ময়মনসিংহ বন্ধুসভার বন্ধুরা সুপেয় পানির তীব্র সংকটে থাকা এক অজপাড়াগাঁয়ে দীর্ঘদিনের কষ্ট লাঘব করতে একটি নলকূপ বসিয়ে দিয়েছেন। ভাবুন তো, যে মা এত দিন দূর-দূরান্ত থেকে হেঁটে খাওয়ার পানি এনেছেন, তাঁর বুক থেকে কেমন একটা দীর্ঘশ্বাসের ভার নেমে গেছে! প্রবীণদের সম্মান জানানোর কাজটিও এ বছর দারুণভাবে করেছে অনেক বন্ধুসভা। কোনো একজন প্রবীণ শিক্ষক বা ক্রীড়াব্যক্তিত্বকে বুকে জড়িয়ে ধরে সম্মাননা জানানোর মুহূর্তগুলোর কথা ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। তরুণ প্রজন্ম যখন প্রবীণদের হাত ধরে তাঁদের জীবনের গল্প শোনে, তখন প্রজন্ম থেকে প্রজন্মে শ্রদ্ধার এক অপার সেতু তৈরি হয়। কোথাও আবার বন্ধুরা কুইজ প্রতিযোগিতার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের শুনিয়েছেন মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস। এই যে বৈচিত্র্যময় উদ্যোগ—কোথাও বাল্যবিবাহ রোধে সচেতনতা, কোথাও অসচ্ছল মানুষদের স্বাবলম্বী করতে দোকান করে দেওয়া, কোথাও সেলাই মেশিন উপহার, আবার কোথাও স্কুলে যেতে মেয়েশিক্ষার্থীকে সাইকেল উপহার; এসবের পেছনে কোনো প্রাতিষ্ঠানিক চাপ ছিল না, রয়েছে নিখাদ ভালোবাসা ও দেশের প্রতি দায়বদ্ধতা।
একটি ভালো কাজ কাগজে–কলমে খুব ছোট মনে হতে পারে, কিন্তু এর পেছনের পরিশ্রমটুকু যাঁরা দেখেননি, তাঁরা জানবেন না প্রচণ্ড রোদ বা ঝড়-বৃষ্টি উপেক্ষা করে বন্ধুরা নিজেদের টাকা বাঁচিয়ে, জমিয়ে, নিজেদের ক্লান্তি ভুলে ছুটে বেড়িয়েছেন জনপদের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এই কর্মনিষ্ঠা এক দিনে তৈরি হয় না। এটি আসে সেই আদর্শ থেকে, যেখানে ভালোর সঙ্গে আলোর পথে হাঁটার আহ্বান জানানো হয়। জাগিয়ে তোলা হয় তারুণ্যের ভেতরের সেই অদম্য আগুন, যা অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখায় এবং মানুষের পাশে দাঁড়ানোর অভ্যস্ততা গড়ে তোলে।
জুলাই অভ্যুত্থানের পরবর্তী এই সময়ে দাঁড়িয়ে আমাদের তারুণ্য যখন নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছে, তখন বন্ধুসভার ভালো কাজগুলো আমাদের আরও বেশি আশাবাদী করে তোলে। আমরা বুঝি, রাষ্ট্র বা সমাজকে বদলানোর বড় বড় কথার চেয়ে প্রতিদিনের ছোট ছোট মানবিক পদক্ষেপই আসল ভিত্তি। একজন বন্ধু যখন অন্য এক মানুষের ব্যথায় সমব্যথী হন, তখন আসলে পুরো সমাজটাই একটু একটু করে সুন্দর হতে শুরু করে।
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সারা দেশের প্রত্যেক বন্ধুকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বন্ধুরা প্রমাণ করেছেন, কোনো বয়সেই তারুণ্যদীপ্ত হৃদয় ফুরায় না। বন্ধুরা আছেন বলেই প্রথম আলোর পথচলা এত অর্থবহ, এত আলোকময়। বন্ধুদের এই অক্লান্ত পরিশ্রম, হাসিমুখ আর ত্যাগের মানসিকতা আগামী দিনের পথচলার শক্তি। আসুন, আগামীর দিনগুলোতেও এই ভালো কাজের দীপশিখা জ্বালিয়ে যাই। বন্ধুত্বের হাত বাড়িয়ে দিই প্রতিটি প্রাণে, প্রতিজনে।
যেসব বন্ধুসভা ‘একটি ভালো কাজ’ করেছে
সিরাজগঞ্জ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নওগাঁ, ময়মনসিংহ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, যশোর, ভৈরব, মাদারীপুর, নোয়াখালী, গাজীপুর, দিনাজপুর, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাউজান, ফেনী, কিশোরগঞ্জ, নীলফামারী, চট্টগ্রাম, নাটোর, সিলেট, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, ঠাকুরগাঁও, সাভার, পাবনা, শেরপুর, বরিশাল, লালমনিরহাট, পঞ্চগড়, চাঁদপুর, কুমিল্লা, রংপুর, মুরারিচাঁদ কলেজ, রাজবাড়ী, গোয়ালন্দ, পটিয়া, কেরানীগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, ইস্টার্ন ইউনিভার্সিটি, সৈয়দপুর, খুলনা, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, গাইবান্ধা, শরীয়তপুর, বরিশাল বিশ্ববিদ্যালয়, ভোলা, সুনামগঞ্জ, রাজশাহী, রায়গঞ্জ, কুষ্টিয়া, কুড়িগ্রাম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ফরিদপুর, মোংলা, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
তালাকের দুই মাস পর প্রেমিকের বাড়িতে ফিরলেন তরুণী
১০ নভেম্বর, ২০২৬ এ ১১:০৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
পাবনার ভাঙ্গুড়ায় জমি দখল নিয়ে বিরোধ; বেড়া নির্মাণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ
১০ নভেম্বর, ২০২৬ এ ১১:০১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ | জাতীয় | বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০ নভেম্বর, ২০২৬ এ ৮:৪৭ PM · Bangladesh Sangbad Sangstha (BSS)
সিরাজগঞ্জে হুমকির মুখে তাঁত শিল্প, লোকসানে দিশেহারা মালিকরা
১০ নভেম্বর, ২০২৬ এ ৬:৪৩ PM · Daily Nabochatona
নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি ঘিরে কলেজে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ মিছিল
১০ নভেম্বর, ২০২৬ এ ৬:০৩ PM · সিরাজগঞ্জের কাগজ
সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো ধ্বংস
১০ নভেম্বর, ২০২৬ এ ৫:৩৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
