শাহজাদপুর সংবাদ

ব্রাহ্মণ শাসন ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়ছেন লাল মিয়া,প্রতীক আনারস

২৫ অক্টোবর, ২০২৬ এ ৬:১৩ PM

ব্রাহ্মণ শাসন ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়ছেন লাল মিয়া,প্রতীক আনারস

এ সালাম চান তরফদার, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঐতিহ্যবাহী ব্রাহ্মণ শাসন ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন আগামী ৩১ অক্টোবর (শনিবার) অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে বাজারের ব্যবসায়ীদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা-পর্যালোচনা। চায়ের দোকান থেকে শুরু করে ব্যবসাপ্রতিষ্ঠান—সবখানেই চলছে প্রার্থী ও তাঁদের যোগ্যতা নিয়ে চুলচেরা বিশ্লেষণ। কে কতটা ব্যবসায়ীবান্ধব এবং কার মাধ্যমে ব্যবসায়ীদের স্বার্থ ও অধিকার বেশি সুরক্ষিত হবে, তা নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও উৎসাহ-উদ্দীপনা।

এ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ ফিরোজুর রহমান (লাল মিয়া)। তিনি সমিতির সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবারও ব্যবসায়ীদের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হয়ে তাঁদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান তিনি।

সরেজমিনে কথা হয় সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফিরোজুর রহমান (লাল মিয়া)-এর সঙ্গে। এ সময় তিনি বলেন, “আমি এর আগে ব্রাহ্মণ শাসন ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। ব্যবসায়ী ভাইদের সেবা করাই আমার মূল লক্ষ্য। তাঁদের সুখে-দুঃখে পাশে থাকতে এবং যেকোনো প্রয়োজনে সহযোগিতা করতে আমি সবসময় ব্রাহ্মণ শাসন বাজারে অবস্থান করি। আমার কোনো ব্যবসায়ী ভাই যেন সমিতির সেবা থেকে বঞ্চিত না হন, সেটিই আমার প্রত্যাশা।”

তিনি আরও বলেন, “ব্যবসায়ীদের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং সমিতির কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনাই আমার নির্বাচনে অংশ নেওয়ার অন্যতম উদ্দেশ্য। আমি বিশ্বাস করি, ব্যবসায়ী ভাইয়েরা আমার অতীতের কর্মকাণ্ড ও তাঁদের প্রতি আমার আন্তরিকতা বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন।”

ভোটার ব্যবসায়ীদের উদ্দেশে আনারস প্রতীকের এই প্রার্থী বলেন, “আপনারা দয়া করে আমাকে একটি করে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন। আপনাদের মূল্যবান ভোট ও সমর্থন পেলে ব্যবসায়ীদের কল্যাণে কাজ করতে চাই। সবাই ভালো থাকুন—সামনের দিনগুলো সবার জন্য সুন্দর ও কল্যাণময় হোক। আমিন, ছুম্মা আমিন।”

এদিকে, নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই প্রার্থীদের প্রচার-প্রচারণা ও ভোটারদের মধ্যে আলোচনা বাড়ছে। ব্যবসায়ীদের প্রত্যাশা, নির্বাচনের মাধ্যমে এমন নেতৃত্ব উঠে আসবে, যারা তাঁদের স্বার্থ রক্ষা, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং বাজারের সার্বিক উন্নয়নে আন্তরিক ভূমিকা রাখবে।

The post ব্রাহ্মণ শাসন ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়ছেন লাল মিয়া,প্রতীক আনারস appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ