শাহজাদপুর সংবাদ

ফুলজোড় ডিগ্রি কলেজে নিয়োগের আগেই নিরাপত্তা প্রহরীর দায়িত্বে জাকারিয়া

৯ নভেম্বর, ২০২৬ এ ২:৪৮ PM

ফুলজোড় ডিগ্রি কলেজে নিয়োগের আগেই নিরাপত্তা প্রহরীর দায়িত্বে জাকারিয়া

মোঃ সোহান সেখ :

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড় ডিগ্রি কলেজে নিয়োগ পরীক্ষার আগেই নিরাপত্তা প্রহরী পদে দায়িত্ব পালন করছেন জাকারিয়া ইসলাম নামে এক ব্যক্তি। তার দাবি, কলেজে চাকরিরত অসুস্থ নানার পরিবর্তে তিনি দায়িত্ব পালন করছেন। তবে নিয়োগ পরীক্ষার আগেই কীভাবে তিনি প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। একই কলেজে ছয়টি পদে নিয়োগকে কেন্দ্র করে অনিয়ম ও নিয়োগ-বাণিজ্যের অভিযোগও উঠেছে।

এ ঘটনায় জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন কলেজের এক কর্মচারী। অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি ছয়টি পদে নিয়োগের জন্য অত্যন্ত গোপনীয়ভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একটি স্থানীয় পত্রিকায় অর্থের বিনিময়ে দুই পৃষ্ঠায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও ওই দিন পত্রিকাটির অন্য কোনো সংখ্যা প্রকাশিত হয়নি বলে দাবি করা হয়েছে।

নিরাপত্তা প্রহরী পদে দায়িত্ব পালনের বিষয়ে জাকারিয়া ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার নানা কলেজে চাকরি করেন। তার বয়স শেষ হয়ে গেছে। তিনি অসুস্থ মানুষ, ডিউটি করতে চান না। সে জন্য আমি তার বদলে ডিউটি করছি।

তার নানা অবসরে গেছেন কি না, জানতে চাইলে জাকারিয়া বলেন, আপনারা সবই জানেন। এ বিষয়ে আমাকে না বললে আমি খুশি হব।

নিয়োগের জন্য কত টাকা দিয়েছেন, জানতে চাইলে তিনি বলেন, টাকা-পয়সার বিষয়ে আমি কিছু জানি না। আমার মুরুব্বি নানা আছেন যদি দিয়ে থাকেন, তিনি অবগত আছেন।

নিরাপত্তা প্রহরী পদে আবেদন করেছেন কি না, জানতে চাইলে জাকারিয়া বলেন, ‘হ্যাঁ আমি আবেদন করেছি। তবে ব্যাংক ড্রাফট করেছেন কি না, এমন প্রশ্নে তিনি বলেন, আমি করিনি। আমার বোনজামাই সব জানে তার কম্পিউটারের দোকান আছে সিরাজগঞ্জ কোর্টের সামনে।

এ বিষয়ে জাকারিয়ার বোনজামাই ফারুকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি তো আপনাদের বলা যাবে না, চাকরি তো আর এমনি হয় না। আপনারা তো জানেন, চাকরি হলে কী মাধ্যমে হয়।

চাকরির জন্য সভাপতির মাধ্যমে কী কথা হয়েছে এবং কত টাকা দেওয়া হয়েছে, জানতে চাইলে ফারুক বলেন, এটা তো আপনাকে বলা যাবে না। আপনি আমার সঙ্গে দেখা করেন।

নিয়োগ না পেয়েই জাকারিয়া কীভাবে নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করছেন, এমন প্রশ্নে ফারুক বলেন, এ বিষয়ে তো আমরা কিছু জানি না। প্রিন্সিপাল বলছেন, তাই করছে। নিয়োগের আবেদন ও ব্যাংক ড্রাফটের বিষয়ে তিনি বলেন, প্রিন্সিপাল আমাদের কাগজ জমা দিতে বলেছিলেন। তারাই সব করেছেন।

অভিযোগপত্রে আরও দাবি করা হয়েছে, সোনালী ব্যাংকে ব্যাংক ড্রাফটের আবেদনে কলেজের অফিস সহকারী মো. সাইফুল ইসলামের হাতের লেখা রয়েছে। কলেজের সভাপতির নেতৃত্বে এক কোটি টাকার বেশি অর্থের অনিয়ম বা আত্মসাতের মাধ্যমে নিয়োগ সম্পন্ন করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন আবেদনকারী।

নাম প্রকাশ না করার শর্তে কলেজের এক শিক্ষক বলেন, এই নিয়োগ গত দুই বছর ধরে পাঁয়তারা চলছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও অভিযোগ করেছি। এ নিয়ে বিভিন্ন জায়গায় উকিল নোটিশও পাঠানো হয়েছে। একেকটি পদের জন্য কমপক্ষে ২০ লাখ টাকা করে লেনদেন হয়েছে। প্রায় এক কোটি টাকা নেওয়া হয়েছে। এ নিয়ে এলাকাতেও ঝামেলা চলছে।

ফুলজোড় ডিগ্রি কলেজে নিয়োগের আগেই নিরাপত্তা প্রহরীর দায়িত্বে জাকারিয়ার বিষয়ে কলেজের অধ্যক্ষ শাহেদ আলী শেখ বলেন, তুমি রিপোর্ট করছিলা না তখন জেনে করো নাই আমি এ বিষয়ে আমি ফোনে কথা না।

এ বিষয়ে ফুলজোড় ডিগ্রি কলেজের সভাপতি আব্দুল লতিফ বলেন, কলেজে জনবল কম থাকায় জাকারিয়াকে নিরাপত্তা প্রহরী পদে মাসিক চুক্তিতে রাখা হয়েছে।

The post ফুলজোড় ডিগ্রি কলেজে নিয়োগের আগেই নিরাপত্তা প্রহরীর দায়িত্বে জাকারিয়া appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ