পোরশায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত, শ্রমিক অধিকারে গুরুত্বারোপ
২ মে, ২০২৬ এ ৯:৫৫ PM

যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নওগাঁর পোরশা উপজেলায় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মহান মে দিবসের ইতিহাসের সূত্রপাত ১৮৮৬ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের Chicago শহরে শ্রমিকদের ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলনের মধ্য দিয়ে। সে সময় শ্রমিকদের দৈনিক ১২ থেকে ১৪ ঘণ্টা কাজ করতে বাধ্য করা হতো। শ্রমিকদের ন্যায্য অধিকার, মানবিক মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে গড়ে ওঠা সেই আন্দোলনের ধারাবাহিকতায় বিশ্বব্যাপী ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে পোরশা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে বিভিন্ন শ্রমজীবী সংগঠন, সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ শ্রমিকরা অংশগ্রহণ করেন। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম। সভায় মহান মে দিবসের ঐতিহাসিক তাৎপর্য, শ্রমিকদের ন্যায্য অধিকার এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শ্রমজীবী মানুষের পরিশ্রম ও অবদানের মাধ্যমেই দেশের উন্নয়ন সম্ভব। তাই তাদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।
বিশেষ অতিথির বক্তব্যে পোরশা থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান বলেন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক রয়েছে এবং শ্রমিক স্বার্থবিরোধী যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এসময় আরও বক্তব্য দেন পোরশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাদিকুল ইসলাম (সাদেক), পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মঞ্জুর মোর্শেদ, নিতপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. সাকিল জাবেদ আনসারি, শিক্ষক মো. শরিফুল ইসলাম ও কৃষি লোন ব্যবস্থাপক শ্রী মাধব সরকার।
বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, কর্মক্ষেত্রে নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শ্রমিকবান্ধব নীতিমালা বাস্তবায়নের মাধ্যমেই টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
অনুষ্ঠানে পোরশা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ডি এম রাসেদ ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামের নেতৃত্বে স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে দিনব্যাপী আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
সূত্র: সিরাজগঞ্জের কাগজ
সম্পর্কিত সংবাদ
মাদক নয়,মাঠে ফিরুক তারুণ্য,লংগদুতে বিজিবির জোন কমান্ডার্স কাপ ফুটবল টুর্নামেন্ট
১১ আগস্ট, ২০২৬ এ ১১:৫৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে স্ত্রীকে ফিরে পেতে শিশুকে অপহরণ, গ্রেপ্তার ১
১১ আগস্ট, ২০২৬ এ ১০:৪৪ PM · nagorik.com
পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা গড়ার প্রত্যয়ে সিরাজগঞ্জ পৌরসভা পরিদর্শনে প্রশাসক শাহাদাত হুসেইন
১১ আগস্ট, ২০২৬ এ ৯:৪০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
