শাহজাদপুর সংবাদ

পৃথক সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জে নিহত ২

১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:১২ PM

পৃথক সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জে নিহত ২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে এক তরুণ এবং জেলা সদরে তেলবাহী লরি ও পিকআপ ভ্যানের সংঘাতের জেরে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। সদরের দুর্ঘটনায় পিকআপ ভ্যান চালককে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া উপজেলার বাখুয়া ওয়াপদা এলাকা এবং সকালে সিরাজগঞ্জ-কাজীপুর আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার শাহানগাছা এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের বামনঘিয়ালা গ্রামের বাসিন্দা খালিদ হাসান এবং সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের বলিদহ গ্রামের মৃত গুসবার আলীর ছেলে পেশায় রাজমিস্ত্রি টুটুল শেখ (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাখুয়া ওয়াপদা এলাকায় সিরাজগঞ্জগামী একটি ট্রাক, পাবনাগামী একটি কাভার্ডভ্যান ও একটি মোটরসাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী খালিদ হাসান ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হলেও স্থানীয় জনতা কাভার্ডভ্যানটি আটকে রেখে পুলিশে সোপর্দ করে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাভার্ডভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

অন্যদিকে, সকালে সদর উপজেলার শাহানগাছা এলাকায় রাস্তার পাশে ঘাস কাটছিলেন রাজমিস্ত্রি টুটুল শেখ। এ সময় ছোনগাছা বাজার থেকে আসা একটি তেলবাহী লরির সঙ্গে দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে টুটুলকে সজোড়ে চাপা দিয়ে রাস্তার নিচে খাদে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, রাজমিস্ত্রি টুটুল শেখের মৃত্যুর ঘটনায় চালক পলাশ মিয়াকে আটক করা হয়েছে। আটক হওয়া পলাশের বাড়ি মানিকগঞ্জ জেলায়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সূত্র: NTV BD

সম্পর্কিত সংবাদ