শাহজাদপুর সংবাদ

পিপুলবাড়িয়া বাজারে বাসদের মানববন্ধনে হামলার প্রতিবাদে সিরাজগঞ্জ শহরে মানববন্ধন ও সমাবেশ

৩১ আগস্ট, ২০২৬ এ ১২:৩৬ PM

পিপুলবাড়িয়া বাজারে বাসদের মানববন্ধনে হামলার প্রতিবাদে সিরাজগঞ্জ শহরে মানববন্ধন ও সমাবেশ

মোঃ হোসেন আলী ছোট্ট:সার ও বিদ্যুৎ সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, রংপুরে হত্যাকাণ্ডের বিচার এবং মাদকবিরোধী কার্যকর পদক্ষেপের দাবিতে সিরাজগঞ্জের পিপুলবাড়িয়া বাজারে বাসদের মানববন্ধনে হামলার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রোববার (৩০ আগস্ট ২০২৬) বিকেল ৫টায় সিরাজগঞ্জ প্রেস ক্লাব চত্বরে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তারা বলেন, গত শুক্রবার পিপুলবাড়িয়া বাজারে বাসদের মানববন্ধন চলাকালে সন্ত্রাসীরা হামলা চালিয়ে বাসদের প্রায় ছয়জন নেতাকর্মীকে আহত করে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমরেড নব কুমার কর্মকার, সিপিবি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি কমরেড ইসমাইল হোসেন, সাইফুল ইসলাম শফি, বাসদ নেতা তারিকুজ্জামান টরিক, সঞ্জয় কুমার গৌর ও শুনিল কুমার।বক্তারা আরও বলেন, সার ও বিদ্যুৎ সংকটের কারণে কৃষি ও শিল্প খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই দ্রুত সার ও বিদ্যুতের সংকট নিরসন করে কৃষি ও শিল্প রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি জানান তারা।

The post পিপুলবাড়িয়া বাজারে বাসদের মানববন্ধনে হামলার প্রতিবাদে সিরাজগঞ্জ শহরে মানববন্ধন ও সমাবেশ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ