পাখিদের নিরাপদ আবাস গড়তে বটগাছ রোপণে নিরলস পরিবেশকর্মী মাহবুবুল ইসলাম পলাশ
৬ নভেম্বর, ২০২৬ এ ৭:৩৯ PM

মোঃ হোসেন আলী ছোট্ট :পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পাখিদের নিরাপদ আবাসস্থল গড়ে তুলতে বটগাছ রোপণ ও সংরক্ষণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন দুইবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিবেশকর্মী মাহবুবুল ইসলাম পলাশ। দীর্ঘ ২৬ বছর ধরে ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় নানা কর্মসূচি বাস্তবায়ন করে আসছেন তিনি। তাঁর স্বপ্ন, দেশীয় বৃক্ষের সমারোহে গড়ে উঠবে পাখি ও বন্যপ্রাণীর নিরাপদ আশ্রয়স্থল।মাহবুবুল ইসলাম পলাশ সিরাজগঞ্জের ‘পরিবেশ ও প্রকৃতির পাঠশালা’র পরিচালক। পরিবেশ সংরক্ষণে তাঁর অন্যতম বিশেষ উদ্যোগ হলো বটগাছসহ দেশীয় ও দীর্ঘজীবী বৃক্ষ রোপণ। তাঁর মতে, একটি পরিণত বটগাছ শুধু পরিবেশের সৌন্দর্য বাড়ায় না, বরং অসংখ্য পাখি ও বন্যপ্রাণীর খাদ্য এবং নিরাপদ আশ্রয়ের জোগান দেয়। বটগাছের বিস্তৃত ডালপালা পাখিদের বসা, বিশ্রাম নেওয়া ও বাসা তৈরির উপযোগী পরিবেশ সৃষ্টি করে। এর ফলও বিভিন্ন প্রজাতির পাখির গুরুত্বপূর্ণ খাদ্য।বর্তমানে নগরায়ণ, নির্বিচারে বৃক্ষনিধন, জলাভূমি ভরাট ও প্রাকৃতিক আবাসস্থল ধ্বংসের কারণে পাখি ও বন্যপ্রাণীর স্বাভাবিক বিচরণক্ষেত্র সংকুচিত হচ্ছে। এমন পরিস্থিতিতে বট, অশ্বত্থ, পাকুড়সহ দেশীয় বড় বৃক্ষ রোপণের ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি। তাঁর আহ্বান, প্রতিটি গ্রাম, শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তার পাশের উপযুক্ত স্থান ও জনপদে পাখিবান্ধব বৃক্ষ রোপণ করতে হবে।দীর্ঘ ২৬ বছরের কার্যক্রমে দেশের ৬৪ জেলায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছেন পলাশ। তাঁর দাবি অনুযায়ী, এ পর্যন্ত তাঁর উদ্যোগে ১ লাখ ১০ হাজারের বেশি গাছ রোপণ ও বিতরণ করা হয়েছে। তাঁর নিজস্ব বৃক্ষ সংগ্রহশালায় রয়েছে ৩৪৫ প্রজাতির বিরল ও বিপন্ন বৃক্ষ।বৃক্ষরোপণের পাশাপাশি বিনামূল্যে চারা বিতরণ, পাখিদের জন্য ফলদ বৃক্ষ রোপণ, বিরল প্রজাতির গাছ সংরক্ষণ, পলিথিনবিরোধী প্রচারণা, শব্দদূষণ প্রতিরোধ এবং পরিবেশবিষয়ক জনসচেতনতা তৈরিতে কাজ করছেন তিনি। এসব কার্যক্রমের বড় একটি অংশ পরিচালিত হচ্ছে তাঁর নিজস্ব অর্থায়নে।পরিবেশ সংরক্ষণে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি অর্জন করেছেন বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার ২০২২ এবং জাতীয় কৃষি পুরস্কার ১৪২৬। এ ছাড়া আন্তর্জাতিক পর্যায়েও পেয়েছেন সম্মাননা ও স্বীকৃতি।মাহবুবুল ইসলাম পলাশ বলেন, “একটি বটগাছ শুধু একটি গাছ নয়, এটি অসংখ্য পাখি ও প্রাণীর আশ্রয়স্থল। প্রকৃতিকে বাঁচাতে হলে পাখিদের জন্যও গাছ লাগাতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলো বড় হওয়া পর্যন্ত পরিচর্যা ও সংরক্ষণ করতে হবে।”তিনি আরও বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার দায়িত্ব সবার। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে এ কাজে এগিয়ে আসতে হবে।বটগাছের মতো দীর্ঘজীবী দেশীয় বৃক্ষ রোপণ ও সংরক্ষণের মাধ্যমে পাখিদের নিরাপদ আবাস গড়ে তোলাই তাঁর দীর্ঘদিনের স্বপ্ন। তাঁর প্রত্যাশা, বৃক্ষরোপণ শুধু আনুষ্ঠানিক কর্মসূচিতে সীমাবদ্ধ না থেকে দেশব্যাপী সামাজিক আন্দোলনে পরিণত হবে।
The post পাখিদের নিরাপদ আবাস গড়তে বটগাছ রোপণে নিরলস পরিবেশকর্মী মাহবুবুল ইসলাম পলাশ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের চৌহালীতে রোপা আমন ধান কাটা শুরু, কৃষকের মুখে হাসি
৬ নভেম্বর, ২০২৬ এ ৮:৫৬ PM · karatoa.com.bd
সিরাজগঞ্জে আগাম শীতকালীন মুলার শাকের বাম্পার ফলন
৬ নভেম্বর, ২০২৬ এ ৮:৫০ PM · Alokito Bangladesh
রাজশাহী বইমেলায় প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় কিন্তু বই বিক্রিতে হতাশা
৬ নভেম্বর, ২০২৬ এ ৮:৩৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রাজশাহী সিমান্তে ভারতীয় মদ,ট্যাবলেট ও চোরাচালানি পণ্য জব্দ
৬ নভেম্বর, ২০২৬ এ ৭:০৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে মানসম্মত খাবার ও সেবার প্রতিশ্রুতিতে ‘দুবাই ডানিয়াল স্টার রেস্টুরেন্টের’ উদ্বোধন
৬ নভেম্বর, ২০২৬ এ ৬:২৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
