শাহজাদপুর সংবাদ

নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যায় জামায়াতের নিন্দা

১৬ অক্টোবর, ২০২৬ এ ১১:০০ AM

নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যায় জামায়াতের নিন্দা

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১৬ অক্টোবর) দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দুর্গাপুর উপজেলায় কলমাকান্দা পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের তেলনজিয়া বাজারে দোকানে বসে থাকা সাংবাদিক বেসরকারি আইপিটিভি (ইন্টারনেট প্রটোকল টেলিভিশন) চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গত ১৫ অক্টোবর রাত ৮টার দিকে একদল দুর্বৃত্ত গুলি করে হত্যা করেছে। আমি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জুবায়ের বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে এমন হত্যাকাণ্ড প্রায়ই ঘটছে এবং নাগরিকেরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সাংবাদিক লুৎফুজ্জামানের হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলে ধারণা করা হচ্ছে। এর মাধ্যমে দেশে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন যে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে, তা প্রতীয়মান।

তিনি আরও বলেন, লুৎফুজ্জামানের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। আমি নিহতের মাগফিরাত কামনা, পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও শোক প্রকাশ করছি।

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ