দুর্গাপূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে এনসিপি: নাহিদ ইসলাম
১৬ অক্টোবর, ২০২৬ এ ১:২১ AM

সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উদযাপনে সারা দেশে রাজনৈতিকভাবে সর্বাত্মক সহযোগিতা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে পূজার আমন্ত্রণ ও শুভেচ্ছা বিনিময় শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, সবাই যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে পারেন, সেটিই প্রত্যাশা। পূজা এলেই নিরাপত্তার বিষয়টি সামনে আসে। তবে সনাতন ধর্মাবলম্বীরা যেন আশঙ্কামুক্ত পরিবেশে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ চাই। ধর্মীয় ও জাতীয় পরিচয়ের ভিত্তিতে এখানে কোনও ভেদাভেদ থাকবে না। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের কারণে কেউ বৈষম্যের শিকার হলে আমরা তার প্রতিবাদ করবো।
বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার মতো পরিস্থিতি তৈরিতে পার্শ্ববর্তী একটি দেশের গণমাধ্যম ব্যস্ত রয়েছে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে চায়, এমন ব্যক্তিরা ব্যর্থ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানরা এ দেশেরই নাগরিক। সবাইকে মিলেমিশে থাকতে হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে।
এসময় এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব প্রীতম দাশসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মনিন্দ্র কুমার নাথ, মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি গোপাল দেবনাথ ও সাধারণ সম্পাদক শুভাশিস বিশ্বাস সাধন, বাংলাদেশ পূজা পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, হাজারীবাগ থানা কমিটির সভাপতি মনোরঞ্জন রায় এবং ওয়ারী থানা কমিটির সভাপতি অমল সাহাসহ সংগঠনগুলোর নেতারা।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
নিরাপত্তা ও স্বস্তিতে পূজা উদ্যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান
১৬ অক্টোবর, ২০২৬ এ ১:৪৮ PM · প্রথম আলো
ফ্যামিলি কার্ড প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে হাসনাত বললেন, ‘এটাই কি তাহলে আই হ্যাভ আ প্ল্যান’
১৬ অক্টোবর, ২০২৬ এ ১১:২৬ AM · বাংলা ট্রিবিউন
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যায় জামায়াতের নিন্দা
১৬ অক্টোবর, ২০২৬ এ ১১:০০ AM · বাংলা ট্রিবিউন
জামায়াত-শিবির-এনসিপি মিলেও এমন একটা নেতা নাই, কার কথা বললেন রাশেদ খাঁন
১৬ অক্টোবর, ২০২৬ এ ৯:০৫ AM · বাংলা ট্রিবিউন
সাতক্ষীরায় ওয়াহিদুজ্জামানকে হত্যায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতকে জড়ানোর চেষ্টা হচ্ছে: পরওয়ার
১৫ অক্টোবর, ২০২৬ এ ৯:৪৪ PM · প্রথম আলো
