কুমিল্লার ঘটনার মূলে কী, খতিয়ে দেখবে জামায়াত
১৬ অক্টোবর, ২০২৬ এ ১১:৩১ AM

জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগর কার্যালয় চত্বরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, ভাঙচুরের ঘটনা নিয়ে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে। ঘটনার পেছনে দলীয় অভ্যন্তরীণ কোন্দল নাকি অন্য কিছু আছে, তা খতিয়ে দেখবে জামায়াত।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠক শুরু হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে বৈঠকটি চলে।
সূত্র জানায়, বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য ১১–দলীয় ঐক্যের খুলনা অভিমুখে লংমার্চ, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনসহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আলোচনায় বিশেষ গুরুত্ব পায় কুমিল্লার ঘটনাটি।
বিষয়টি নিয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের চারজন সদস্যের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তাঁরা বলেছেন, কুমিল্লার ঘটনাটি জামায়াতের রাজনৈতিক ইতিহাসে বিরল। এই ঘটনার পেছনে দলের অভ্যন্তরীণ কোন্দল কাজ করেছে নাকি অন্য কিছু আছে, তা খতিয়ে দেখা হবে।
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এসব নেতা আরও বলেন, কুমিল্লার ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠায় আমার বাংলাদেশ (এবি) পার্টির কুমিল্লা মহানগরের আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীকে সাময়িক অব্যাহতি দিয়েছে দলটি। ঘটনাটিকে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ বলা হলেও এর সঙ্গে এবি পার্টির এই নেতার যোগসূত্র কী, সেটি একটি প্রশ্ন। এই বিষয়টিসহ ঘটনার পেছনে আর কে কে রয়েছেন, তা জামায়াতের কেন্দ্র থেকে খতিয়ে দেখা হবে। দলের নির্বাহী পরিষদের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়েছে।
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান আকন্দ গতকাল বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে বলেন, দলের দুই গ্রুপের সংঘর্ষ বলে ঘটনাটি যেভাবে আলোচিত হয়েছে, বিষয়টি ঠিক সে রকম নয়। নির্বাহী পরিষদের বৈঠকে কুমিল্লার ঘটনার মূলে কী রয়েছে, পেছনে কারা রয়েছেন, এবি পার্টির একজন নেতা কীভাবে যুক্ত হয়েছেন, এসব বিষয় খতিয়ে দেখা নিয়ে আলোচনা হয়েছে।
কমিটি গঠনকে কেন্দ্র করে গত বুধবার সন্ধ্যায় জামায়াতের কুমিল্লা মহানগর কার্যালয় চত্বরে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করা হয়।
এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে পরদিন বৃহস্পতিবার এবি পার্টির কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীকে সাময়িক অব্যাহতি দেয় দলটি। দলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে অবিলম্বে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
নিরাপত্তা ও স্বস্তিতে পূজা উদ্যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান
১৬ অক্টোবর, ২০২৬ এ ১:৪৮ PM · প্রথম আলো
ফ্যামিলি কার্ড প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে হাসনাত বললেন, ‘এটাই কি তাহলে আই হ্যাভ আ প্ল্যান’
১৬ অক্টোবর, ২০২৬ এ ১১:২৬ AM · বাংলা ট্রিবিউন
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যায় জামায়াতের নিন্দা
১৬ অক্টোবর, ২০২৬ এ ১১:০০ AM · বাংলা ট্রিবিউন
জামায়াত-শিবির-এনসিপি মিলেও এমন একটা নেতা নাই, কার কথা বললেন রাশেদ খাঁন
১৬ অক্টোবর, ২০২৬ এ ৯:০৫ AM · বাংলা ট্রিবিউন
দুর্গাপূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে এনসিপি: নাহিদ ইসলাম
১৬ অক্টোবর, ২০২৬ এ ১:২১ AM · বাংলা ট্রিবিউন
সাতক্ষীরায় ওয়াহিদুজ্জামানকে হত্যায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতকে জড়ানোর চেষ্টা হচ্ছে: পরওয়ার
১৫ অক্টোবর, ২০২৬ এ ৯:৪৪ PM · প্রথম আলো
