শাহজাদপুর সংবাদ

দয়া-অনুগ্রহ নয়, জনগণের সেবা করার সুযোগ চান চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মিজানুর রহমান মৃদুল

২০ নভেম্বর, ২০২৬ এ ১১:০৬ AM

দয়া-অনুগ্রহ নয়, জনগণের সেবা করার সুযোগ চান চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মিজানুর রহমান মৃদুল

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:‘দয়া চাই না, কারও অনুগ্রহও চাই না—জনগণের জন্য কাজ করার একটি সুযোগ চাই।’ এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সিরাজগঞ্জ সদর উপজেলার ৫নং খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ মিজানুর রহমান মৃদুল। ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে তিনি আগামী দিনে আরও সক্রিয় ভূমিকা রাখতে চান।ইঞ্জিনিয়ার মিজানুর রহমান মৃদুল বলেন, মূল দলের শীর্ষ পর্যায়ের নেতা না হয়েও দীর্ঘদিন ধরে তিনি ইউনিয়নের সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো, বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মধ্য দিয়েই তাঁর রাজনৈতিক ও সামাজিক পথচলা গড়ে উঠেছে।

তিনি জানান, তৃণমূল পর্যায়ের নেতাকর্মী, শ্রমজীবী মানুষসহ ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করার চেষ্টা করেছেন। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে বিভিন্ন সময় প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাঁকে। এমনকি প্রাণনাশের হুমকি ও মানসিক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগও করেন তিনি। তবে এসব বাধা তাঁকে মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় থেকে পিছিয়ে দিতে পারেনি।মৃদুল আরও বলেন, রাজনীতি তাঁর কাছে শুধু পদ-পদবি কিংবা ব্যক্তিগত পরিচিতি অর্জনের মাধ্যম নয়; বরং মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখার একটি সুযোগ। সাধারণ মানুষের ভালোবাসা, সমর্থন ও তৃণমূলের খেটে খাওয়া নেতাকর্মীদের আন্তরিকতাই তাঁর এগিয়ে চলার মূল শক্তি।চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ৫নং খোকশাবাড়ী ইউনিয়নকে একটি সুন্দর, সুশৃঙ্খল, নিরাপদ ও জনকল্যাণমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান তিনি। বিশেষ করে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ প্রতিষ্ঠা, এলাকার সার্বিক উন্নয়ন, শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্নত, সমৃদ্ধ ও শান্তিময় ইউনিয়ন গড়ার প্রত্যাশা জানিয়ে ইঞ্জিনিয়ার মিজানুর রহমান মৃদুল বলেন, ‘আমি কারও দয়া বা অনুগ্রহ চাই না। আমি চাই জনগণের জন্য কাজ করার একটি সুযোগ। সেই সুযোগ পেলে মানুষের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সর্বোচ্চ চেষ্টা করব।’তিনি বিশ্বাস করেন, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে ৫নং খোকশাবাড়ী ইউনিয়নকে একটি আদর্শ ও বাসযোগ্য ইউনিয়ন হিসেবে গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে পারবেন।

The post দয়া-অনুগ্রহ নয়, জনগণের সেবা করার সুযোগ চান চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মিজানুর রহমান মৃদুল appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ