শাহজাদপুর সংবাদ

তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে সিটি ব্যাংক

২০ নভেম্বর, ২০২৬ এ ৪:১১ AM

তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে সিটি ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন সুবিধা দেবে সিটি ব্যাংক। এর মধ্যে ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং সমপরিমাণ ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মুন্সীগঞ্জের দরবার পার্টি প্যালেসে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি নিয়ে আয়োজিত এক সচেতনতামূলক ও অংশীজন সম্পৃক্তকরণ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক শেখ আব্দুল কুদ্দুস।

কর্মসূচির আওতায় উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের চিহ্নিত করে প্রাতিষ্ঠানিক অর্থায়নের সুযোগ তৈরি করা হবে। উদ্যোক্তাদের আর্থিক সাক্ষরতা ও উদ্যোক্তা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ, মেন্টরিং, ব্যবসা নিবন্ধন, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন এবং বাজার সংযোগের ক্ষেত্রেও সহায়তা দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের সার্কুলার এবং ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার আওতায় এ কর্মসূচি চালু করা হয়েছে। এর আওতায় ব্যাংকঋণের অংশটি বাংলাদেশ ব্যাংকের প্রাসঙ্গিক পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় পুনঃঅর্থায়নযোগ্য।

অনুষ্ঠানে কর্মসূচির লক্ষ্য, অংশগ্রহণের যোগ্যতা, অর্থায়ন সুবিধা ও আবেদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরে উপস্থাপনা দেন এবং অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দেন।

বাংলাদেশ ব্যাংক সিটি ব্যাংককে দেশের ১২টি উপজেলায় উপজেলা লিড ব্যাংক হিসেবে দায়িত্ব দিয়েছে। উপজেলাগুলো হলো আলফাডাঙ্গা, গোপালগঞ্জ সদর, ভৈরব, মুন্সীগঞ্জ সদর, সোনারগাঁও, শিবপুর, হাজীগঞ্জ, লাকসাম, সেনবাগ, সিরাজগঞ্জ সদর, বিশ্বনাথ ও দিনাজপুর সদর। পাশাপাশি গোপালগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার জেলা লিড ব্যাংক হিসেবেও দায়িত্ব পালন করছে ব্যাংকটি।

লিড ব্যাংক হিসেবে সিটি ব্যাংক অংশগ্রহণকারী ব্যাংক ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় করবে। আবেদন একীভূত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো এবং যোগ্য উদ্যোক্তা চিহ্নিত করতেও সহায়তা করবে।

আগ্রহী উদ্যোক্তারা নির্ধারিত উপজেলাগুলোর যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ব্যাংক নিজস্ব মূল্যায়ন প্রক্রিয়ায় আবেদন যাচাই-বাছাই করে অনুমোদিত ঋণ ও সমপরিমাণ অনুদান ৫০:৫০ অনুপাতে একসঙ্গে বিতরণের ব্যবস্থা করবে। অর্থায়নের পর ব্যবসার অগ্রগতি, অর্থের যথাযথ ব্যবহার ও ঋণ পরিশোধের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় তরুণ উদ্যোক্তাদের অর্থায়নের জন্য সিটি ব্যাংকের নিজস্ব বিশেষায়িত ‘উদ্যোগ’ ঋণ সুবিধার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক, প্রধান অর্থনীতিবিদ ও কান্ট্রি বিজনেস ম্যানেজার মো. আশানুর রহমান, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় তরুণ উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ