দুই বছর পর অটোরিকশাচালক হত্যার রহস্য উন্মোচন, ফাঁসলেন আপন ভাই
২৫ অক্টোবর, ২০২৬ এ ৯:৪৮ PM

সিরাজগঞ্জের রায়গঞ্জে অটোরিকশাচালক কছিম উদ্দিন (৪৮) হত্যাকাণ্ডের প্রায় দুই বছর পর রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। প্রথমে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা হিসেবে সামনে এলেও তদন্তে হত্যাকাণ্ডের নেপথ্যে উঠে এসেছে পারিবারিক বিরোধের তথ্য।
এ ঘটনায় নিহতের ছোট ভাই ও মামলার প্রধান আসামি আব্দুল মালেক (৪৫) এবং তার সহযোগী কাকলী রানীকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
হত্যার শিকার কছিম উদ্দিন ও প্রধান আসামি আব্দুল মালেক পুল্লা বিলের পাড় গ্রামের মৃত শরিফুল ইসলামের ছেলে। তারা আপন দুই ভাই।
মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালে উপজেলার বন্দিহার এলাকায় নিমগাছি-শালিয়াগাড়ী সড়কের উদয়দিঘী বড় সেতুর কাছে কছিম উদ্দিনকে হত্যা করা হয়। ঘটনার পর অটোরিকশা ছিনতাইয়ের বিষয়টি সামনে আসে। তবে দীর্ঘ তদন্তে হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক বিরোধের তথ্য পায় পুলিশ।
পুলিশ জানায়, গত ২৩ অক্টোবর নিমগাছি এলাকা থেকে আব্দুল মালেককে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন একই এলাকার একটি ভাড়া বাসা থেকে কাকলী রানীকে গ্রেপ্তার করা হয়।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বলেন, দুই ভাইয়ের পারিবারিক বিরোধের জেরেই কছিম উদ্দিনকে হত্যা করা হয়েছে। আব্দুল মালেক আদালতে হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
তিনি আরও জানান, কাকলী রানী ২০ হাজার টাকার বিনিময়ে হত্যাকাণ্ডে জড়িতদের কছিম উদ্দিনের অবস্থান শনাক্ত করতে সহায়তা করেন বলে কাকলী রানী স্বীকারোক্তি দিয়েছেন।
সূত্র: The Daily Ittefaq
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জমে উঠেছে গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলা
২৫ অক্টোবর, ২০২৬ এ ১১:১৭ PM · karatoa.com.bd
তাড়াশে গরু চুরির মামলায় ইব্রাহিম শেখ গ্রেপ্তার
২৫ অক্টোবর, ২০২৬ এ ১০:৩৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে লক্ষ্মীপূজা অনুষ্ঠিত
২৫ অক্টোবর, ২০২৬ এ ১০:২৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
নারীর গোসলের ভিডিও ধারণের পর ব্ল্যাকমেইল করে ধর্ষণ, গ্রেফতার ধর্ষক
২৫ অক্টোবর, ২০২৬ এ ৮:৫৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে ডেঙ্গুর ঝুঁকি কমাতে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান
২৫ অক্টোবর, ২০২৬ এ ৭:৫৮ PM · karatoa.com.bd
বর্ষায় জলরঙের ক্যানভাস, শীতে সোনালি শস্যের রাজ্য চলনবিল
২৫ অক্টোবর, ২০২৬ এ ৭:০৩ PM · বাংলা ট্রিবিউন
