দলিলের জটিলতা কমাতে শাহজাদপুরের সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ
১৮ অক্টোবর, ২০২৬ এ ৪:২৭ PM

জমিজমা ক্রয়-বিক্রয় ও দলিল রেজিস্ট্রেশন নিয়ে সাধারণ মানুষের নানা প্রশ্ন ও জটিলতা রয়েছে। দলিলের খরচ, প্রয়োজনীয় কাগজপত্র, রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিংবা বিভিন্ন আইনগত বিষয়ে সঠিক তথ্য না জানার কারণে অনেক সময় মানুষকে বিড়ম্বনায় পড়তে হয়। এসব বিষয়ে মানুষকে সহজভাবে ধারণা দিতে অফিসের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমকেও কাজে লাগাচ্ছেন শাহজাদপুর সাব-রেজিস্ট্রার মো. রবিউল ইসলাম।
শাহজাদপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে দলিল রেজিস্ট্রেশন ও পরামর্শ নিতে সাব-রেজিস্ট্রি অফিসে আসা কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, জমি ও দলিল-সংক্রান্ত বিষয়ে তারা সাব-রেজিস্ট্রারের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ পাচ্ছেন। কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে তিনি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করেন এবং প্রয়োজন অনুযায়ী কাগজে লিখেও বিষয়টি বুঝিয়ে দেন বলে তারা জানান।
স্থানীয়দের মতে, দলিল রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে অনেক সময় ভুল ধারণা থাকে। এ কারণে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে সরাসরি তথ্য পাওয়াকে তারা অনেক গুরুত্বপূর্ণ মনে করেন।
অফিসের সেবা কার্যক্রমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন বিষয়ে তথ্য দিয়ে আসছেন সাব-রেজিস্ট্রার মো. রবিউল ইসলাম। তার ‘জধনরঁষ ওংষধস’ নামের ফেসবুক পেজে দলিল রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন ব্যয়, প্রয়োজনীয় কাগজপত্রসহ জমি-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ভিডিও প্রকাশ করা হচ্ছে। ভিডিও প্রকাশের পাশাপাশি মাঝে মধ্যে লাইভে এসে সরাসরি পরামর্শ ও বিভিন্ন প্রশ্নের সহজ সমাধান দিয়ে আসছেন সাব-রেজিস্ট্রার মো. রবিউল ইসলাম।
ফেসবুকে এসব ভিডিওর মাধ্যমে সাধারণ মানুষ ঘরে বসেই বিভিন্ন বিষয়ে প্রাথমিক ধারণা নিতে পারছেন। বিশেষ করে কোন দলিল রেজিস্ট্রেশনে সম্ভাব্য খরচ, প্রয়োজনীয় কাগজপত্র বা প্রক্রিয়া সম্পর্কে ধারণা পাওয়ায় অফিসে যাওয়ার আগেই অনেকে প্রস্তুতি নিতে পারছেন বলে সংশ্লিষ্টরা জানান।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি দায়িত্বের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রকাশ করায় নানা ধরনের প্রতিক্রিয়ারও মুখোমুখি হতে হচ্ছে তাকে। বিভিন্ন সময়ে মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে নানা ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হওয়ার কথাও জানা গেছে। তবে এসব কারণে অনলাইনভিত্তিক তথ্য দেওয়ার কার্যক্রম বন্ধ করেননি তিনি।
বর্তমানে তার ফেসবুক পেজে প্রায় ২ লাখেরও বেশি ফলোয়ার রয়েছে। তথ্যভিত্তিক ভিডিও দেওয়ার কারনে দিন দিন ফলোয়ার সংখ্যা বেড়েই চলছে। যদি তিনি এভাবে নিয়মিত তথ্যভিত্তিক ভিডিও প্রকাশ করেন তাহলে এই ফেসবুকের মাধ্যমে জমি ও দলিল-সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আরও বৃদ্ধি পাবে।
সংশ্লিষ্টদের মতে, ভূমি ও দলিল-সংক্রান্ত জটিলতা কমাতে সরকারি সেবার পাশাপাশি সহজ ভাষায় নির্ভরযোগ্য তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যমকে এ কাজে ব্যবহার করা হলে অফিসে অপ্রয়োজনীয় ভিড় কমানোর পাশাপাশি সাধারণ মানুষও প্রাথমিক তথ্য দ্রুত পেতে পারেন।
এ বিষয়ে শাহজাদপুর সাব-রেজিস্ট্রি অফিসে সেবা নিতে আসা পোরজনা ইউনিয়নের ছোট মহারাজপুর গ্রামের মো. নায়েব আলী জানান, বেশ কয়েকদিন আগে আমরা আমাদের বোনদের নিকট হইতে তাদের অংশ রেজিস্ট্রি করতে পিতা-মাতার নাম একেক জনের ভোটার আইডি কার্ডে একেক রকম হওয়ায় কিছু জটিলতা সৃষ্টি হয়। পরে সাব-রেজিস্ট্রার স্যারের নিকট থেকে সঠিক পরামর্শ নিয়ে কোন রকম হয়রানি ও ভোগান্তি ছাড়াই সহজেই দলিল রেজিস্ট্রি করতে পেরে আমরা সন্তুষ্ট। এছাড়াও স্যারের ফেসবুকের বিভিন্ন তথ্য ভিত্তিক ভিডিও আমি নিয়মিতই দেখি। যেগুলো দেখে ও শুনে আমার নিজের আরও কিছু জমির জটিলতার সমাধান পেয়েছি।
এ বিষয়ে শাহজাদপুর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মোঃ আবুল কালাম আজাদ বলেন, অতীতের তুলনায় বর্তমান সময়ে নির্ভূলভাবে দলিল রেজিস্ট্রি করতে নানা রকম জটিলতায় পড়তে হয়। সেক্ষেত্রে যে কোন সমস্যা থাকলে সেইসব বিষয়ে সাব-রেজিস্ট্রার স্যারের নিকট থেকে সহজে পরামর্শ নিয়ে দলিল রেজিস্ট্রি করতে পাড়ায় স্যারের প্রতি আমরা কৃতজ্ঞ।
এ বিষয়ে শাহজাদপুর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সভাপতি মো. সেলিম ইউসুফ জানান, দলিল রেজিস্ট্রির বিষয় বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন আইন কানুন ও জমাজমির জটিলতার সমাধান দিয়ে থাকেন। যা আমাদের নির্ভূলভাবে দলিল রেজিস্ট্রি করতে অনেক সহজ হয়।
এ বিষয়ে শাহজাদপুর সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার মো. রবিউল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হলো জমিজমা সংক্রান্ত। আর এই জমিজমা ক্রয়-বিক্রয় ও দলিল রেজিস্ট্রেশন নিয়ে সাধারণ মানুষের নানা প্রশ্ন ও জটিলতাতো রয়েছেই। আবার রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিংবা বিভিন্ন আইনগত বিষয়ে সঠিক তথ্য না জানার কারণে অনেক সময় মানুষকে বিড়ম্বনায় পড়তে হয়। তাই এইসব বিষয়ে মানুষকে সহজভাবে ধারণা দিতে অফিসের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নিয়েছি। যার ফলে ঘরে বসেই বেশিরভাগ মানুষই তাদের কাঙ্খিত সেবা পাচ্ছে। এতে করে সাধারন মানুষ সহজে সমাধান পেয়ে যেমন তারা উপকৃত হচ্ছে তেমনি আমার অফিস টাইমে দলিল রেজিস্ট্রিশন করতে তেমন ভোগান্তি পোহাতে হচ্ছেনা।
বাংলাদেশে তথা এই মফস্বল শহরে ভূমি ও দলিল-সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে এমন তথ্যভিত্তিক উদ্যোগ কতটা কার্যকর হয়, সেটিই এখন দেখার বিষয়। তবে সরকারি সেবার তথ্য সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় পৌঁছে দেওয়ার এ উদ্যোগকে সময়োপযোগী বলেই মনে করছেন স্থানীয়রা।
সূত্র: Rupali Bangladesh
সম্পর্কিত সংবাদ
বাংলাদেশে উঠতি মধ্যবিত্তের বিকাশ এবং স্থানীয় শিল্পায়নের সম্ভাবনা
১৯ অক্টোবর, ২০২৬ এ ১২:১৬ AM · প্রথম আলো
সিরাজগঞ্জের তাড়াশে অবৈধভাবে পুকুর খনন করায় ৩ লাখ টাকা জরিমানা
১৯ অক্টোবর, ২০২৬ এ ১২:১০ AM · nagorik tv
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে হাদল বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচ; সিজন-৪’ অনুষ্ঠিত
১৮ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে সয়াধানগড়া জগাই মোড়ে গলি রাস্তার ঢালাই কাজের উদ্বোধন
১৮ অক্টোবর, ২০২৬ এ ১০:৫৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
চাঁদাবাজ-দখলবাজদের বিএনপিতে স্থান হবে না: মির্জা মোস্তফা জামান
১৮ অক্টোবর, ২০২৬ এ ৯:৪৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
